ওয়াই-ফাই বাতির ঘরে বাইরে!
সুইজারল্যান্ডের ডিজাইন স্টুডিও মিকাসা ল্যাব সম্প্রতি ওয়াই-ফাই প্রযুক্তির এক ধরনের বাতি তৈরি করেছে যা ঘরের ভেতরে মেঘ, বৃষ্টির মত পরিবেশ তৈরি করতে পারে। এক খবরে দ্য গার্ডিয়ান জানিয়েছে, মিকাসা ল্যাবের নকশাবিদেরা তরল নাইট্রোজেন, ওয়াই-ফাই, বাতাসশূন্য একটি আধার ব্যবহার করে ঘরের মধ্যেই বাইরের আবহাওয়া তৈরি করতে সক্ষম হয়েছেন। গবেষকেরা এ বাতির নাম দিয়েছেন ‘নেবুলা ১২’।গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের সাহায্যে ঘরের বাইরের আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করে এ বাতিটিকে সে ধরনের আবহাওয়া তৈরির জন্য নির্দেশ দেওয়া হলে বাতিটি তা করতে পারে। বাইরে যদি মেঘ থাকে তবে বাতিটি ঘরের মধ্যে মেঘ তৈরি করে, বাইরে কুয়াশা থাকলে ঘরের মধ্যেও তৈরি করে কুয়াশা বা মেঘাচ্ছন্ন পরিবেশ। নিজের মেজাজ মর্জির ওপর নির্ভর করে যারা ঘর সাজাতে চান বা রোমান্টিক মুহূর্ত তৈরি করতে চান তাদের জন্য এ বাতি। নকশাবিদেরা দাবি করেছেন, ঘরের মধ্যে এ বাতির সৃষ্ট পরিবেশে মনে হবে বাইরের উন্মুক্ত পরিবেশ।