ওয়াইম্যাক্স ফোরাম কর্মকর্তাদের ঢাকা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারহীন দ্রুতগতির ইন্টারনেট ওয়াইম্যাক্স প্রযুক্তির আন্তর্জাতিক সংগঠন ওয়াইম্যাক্স ফোরামের প্রেসিডেন্টের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। ওয়াইম্যাক্স ফোরামের প্রেসিডেন্ট ও চেয়ারম্যান এই ফোরামের কাজ ও বাংলাদেশে ইন্টারনেটসেবার আরও উন্নয়নে তাঁদের কার্যপরিধি সম্পর্কে জানাতে ৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন ওয়াইম্যাক্স ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ শাকৌরি, প্রেসিডেন্ট ডেকল্যান বায়ার্ন, দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক শ্যাম কৌশাল, বাংলাদেশে ওয়াইম্যাক্স ফোরামের সদস্য প্রতিষ্ঠান বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নেইল গ্রাহাম, পরিচালক (নিউ বিজনেস ও ভিএএস) আজহার এইচ চৌধুরীসহ অনেকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়াইম্যাক্স ফোরাম বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহার ও অবকাঠামোগত উন্নয়ন দেখে সন্তুষ্ট। বাংলাদেশে তথ্যপ্রযুক্তির আরও উন্নত সুবিধা দিতে এই ফোরাম সহযোগিতা করবে বলেও জানানো হয় সম্মেলনে। প্রতিনিধিদলটি ঢাকা সফরে এসে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, ডাক ও টেলিযোগাযোগসচিব মো. আবুবকর সিদ্দিক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোসের সঙ্গেও মতবিনিময় করেন। —বিজ্ঞপ্তি