ওয়াইম্যাক্সের প্রসারে ইন্টেল ও কিউবি একসঙ্গে
বিশ্বের শীর্ষ প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল এবং বাংলাদেশে ওয়াইম্যাক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অজের ওয়ারল্যাস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেডের মধ্যে এক চুক্তি হয়েছে। অজের বাংলাদেশে কিউবি ব্র্যান্ড নামে ওয়াইম্যাক্স সেবা প্রদান করছে। এই চুক্তি অনুযায়ী ওয়াইম্যাক্স প্রযুক্তির উন্নয়নে এবং এর সুবিধা নাগরিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছে দিতে একসঙ্গে কাজ করবে ইন্টেল ও কিউবি। পাশাপাশি বাংলাদেশে তারহীন ওয়াইম্যাক্সের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি ও কৌশল তৈরির কাজও করবে প্রতিষ্ঠান দুটি। গত বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু।তিনি বলেন, এ ধরনের আয়োজন ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দেশেই মোবাইল ফোন, ল্যাপটপ কম্পিউটার তৈরির কার্যক্রম নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ ডিজিটাল বাংলাদেশের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজের ওয়ারল্যাস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী জেরি মবস, প্রধান বিপণন কর্মকর্তা রাসেল টি আহমেদ, ইন্টেলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাব্যবস্থাপক নবীন শিনয়, ইন্টেল দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক রামামূর্তি শিবকুমার, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মঞ্জুরসহ অনেকে। —নুরুন্নবী চৌধুরী