ওয়াওবক্সের নতুন সংস্করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নকশা ও নতুন সুবিধা নিয়ে জীবনধারা-ভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন ওয়াওবক্সের নতুন সংস্করণ প্রকাশ করেছে মোবাইল সংযোগদাতা গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর গ্রুপ। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে নতুন এ অ্যাপটির ঘোষণা দেয় গ্রামীণফোন। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘গত বছরের মে মাসে ওয়াওবক্স চালু হওয়ার পর তা বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পায়। এবার আমরা এটিকে গ্রাহকদের জন্য সহজে ব্যবহারযোগ্য করে সাজিয়েছি।’
নতুনরূপে চালু হওয়া এই অ্যাপে যোগ হয়েছে গ্রাহক নেভিগেশন ইন্টারফেস, থিম, সংবাদ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে কনটেন্ট ভাগাভাগির জন্য সোশ্যাল মিডিয়া ফাংশন এবং গ্রামীণফোনের অফারের তথ্য।
নতুন সংস্করণ প্রসঙ্গে টেলিনর ডিজিটালের পণ্য এবং উদ্ভাবন বিভাগের ওয়াওবক্স প্রধান হোজার হাসম্যান বলেন, ‘বাংলাদেশে তরুণ মোবাইল ফোন ব্যবহারকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ওয়াওবক্স একটি কার্যকরী মাধ্যম। আমরা নিশ্চিত যে এর নতুন সংস্করণ এবং বর্ধিত সুবিধা তরুণেরা উপভোগ করবেন।’
নতুন যুক্ত হওয়া সুবিধা ছাড়াও ওয়াওবক্সে রয়েছে গ্রামীণফোনের সব পণ্যের খবর, বিভিন্ন দোকানে ছাড়ের তথ্য, প্রতিযোগিতা এবং বিভিন্ন গেম। গুগল প্লেস্টোর থেকে শুধু গ্রামীণফোন গ্রাহকেরা এই অ্যাপটি নামিয়ে ব্যবহার করতে পারবেন।