ওয়ান ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ে সহায়তা করবে রবি

ওয়ান ব্যাংক লিমিটেডের মুঠোফোন আর্থিক সেবা ‘ওকে মোবাইল ব্যাংকিং সার্ভিসকে’ সহজ করতে ব্যাংকটির সঙ্গে চুক্তি করেছে মুঠোফোন প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। আজ বুধবার রাজধানীর গুলশানে রবি কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেছেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে এবং ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল আলম।
এ চুক্তির আওতায় ওয়ান ব্যাংককে মোবাইল মানি (ওকে ব্যাংকিং) সার্ভিস পরিচালনার জন্য রবি নেটওয়ার্ক সহায়তা ও আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা (ইউএসএসডি) প্রদান করবে।
রবির প্রধান নির্বাহী বলেন, ‘বাংলাদেশের মতো একটি দেশে যেখানে এখনো অনেক মানুষ আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছে, সেখানে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যাপক পরিবর্তন আনতে পারে। এই সেবা দেশজুড়ে গ্রাম ও শহরের ব্যাংকিং সুবিধার বাইরের জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা পৌঁছে দেবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে সহায়ক হবে।’
সুপুন বীরাসিংহে আরও বলেন, ‘বর্তমানে রবির ছয়টি এমএফএস পার্টনার রয়েছে, যারা আমাদের ৩৩ লাখ এম-ওয়ালেট ব্যবহারকারীকে সেবা দিয়ে যাচ্ছে। এর মধ্যে ওকে ব্যাংকিং যুক্ত হওয়ায় আমরা বাংলাদেশের ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টাকে আরও গতিশীল করতে পারব।’
সুপুনের দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানিয়ে ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল আলম বলেন, ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের এই পদক্ষেপ একটি মাইলফলক। ইউএসএসডি, এসএমএস চ্যানেলের মাধ্যমে ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে অর্থনৈতিক সেবা পৌঁছে দেওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে।’
চুক্তি সই অনুষ্ঠানে রবির প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, হেড অব ফিন্যান্স অ্যান্ড রেগুলেশন, ডিজিটাল সার্ভিসেস দেওয়ান নাজমুল হাসান এবং ওয়ান ব্যাংক লিমিটেডের ইভিপি আদিল রায়হান, হেড অব আইটি আহমেদ তাবসির চৌধুরি, সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মাহদি হাসানসহ দুই প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর ওকে ব্যাংকিং সার্ভিসটি শুরু হয়। এর আওতায় দেশজুড়ে ওয়ান ব্যাংকের পাঁচ হাজারের বেশি নিজস্ব এজেন্ট পয়েন্ট ও আরও ১৫ হাজার অংশীদারি পে-পয়েন্টের মাধ্যমে সম্মানিত গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে ওয়ান ব্যাংক।