ওয়ানটাচ হিরোর প্রি-অর্ডার নিচ্ছে অ্যালকাটেল

দেশের বাজারে ওয়ানটাচ হিরো নামের নতুন একটি স্মার্টফোন আনছে অ্যালকাটেল। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর এ ফোনটির জন্য এখন আগাম ফরমায়েশ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এই ফোনটিকে তারা বলছে, স্বল্প বাজেটে অধিক ফিচারের ফোন।
আন্তর্জাতিক বাজারে এই ফোনটি উন্মুক্ত করা হয়েছিল ২০১৪ সালের জানুয়ারি মাসে। ছয় ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ফোনটিতে রয়েছে এক দশমিক পাঁচ গিগাহার্টজের প্রসেসর, ১৬ জিবি রম, দুই জিবি র্যাম ও তিন হাজার ৪০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। দুই মাইক্রো সিম সুবিধার ফোনটি ৮ দশমিক ৫ মিলিমিটার পুরু ও ১৭৭ গ্রাম ভারী। স্মার্টফোনটির পেছনে ১৩ ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
অ্যালকাটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ানটাচ হিরো ফোনটির দাম ১৭ হাজার ৯৯৯ টাকা। এর সঙ্গে ক্রেতারা বিনা মূল্যে পাবেন এলএইডি ম্যাজিক ফ্লিপ কভার ও সাইড কিক ব্লুটুথ। রাজধানীর বসুন্ধরা শপিং মল ও যমুনা ফিউচার পার্কের অ্যালকাটেলের এক্সপেরিয়েন্স সেন্টার ও বাইমোবাইল ডটকম ডটবিডি সাইট থেকে আগাম ফরমায়েশ সংক্রান্ত তথ্য জানা যাবে।