ওয়ান্ডার উইমেন এসডিজির ‘আনলিশ প্লাস ২০২১’ অনুদান জিতেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এসকাপেড ২০১৯’ অায়োজনে ওয়ান্ডার উইমেনের কয়েকজন সদস্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফেসবুকভিত্তিক নারী ভ্রমণকারীদের সংগঠন ওয়ান্ডার উইমেন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) বৈশ্বিক উদ্ভাবন কর্মসূচি ‘আনলিশ প্লাস ২০২১’ অনুদান জিতেছে। সংগঠনটি এ জন্য ২০ লাখ টাকার অনুদান পেয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশভিত্তিক ওয়ান্ডার উইমেন প্ল্যাটফর্ম প্রথা ভেঙে দক্ষিণ এশিয়ায় নারী ভ্রমণকারীদের উৎসাহ দেওয়ার জন্যই এ অনুদানের জন্য বিবেচিত হয়েছে। এসডিজির আনলিশ প্লাস ২০২১ সামাজিক উদ্যোক্তাদের সক্ষমতা তৈরি করতে ছয় মাসের ইনকিউবেশন প্রোগ্রামের এবার তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হয়েছে।

আনলিশ প্লাস ২০২১–এর মূল বাস্তবায়ন অংশীদার কেমোনিকস এবং অ্যাক্রোবেটর থেকে ড্রাগনস ডেন পুরষ্কার পেয়েছে ওয়ান্ডার উইমেন। কেমোনিকস তাদের ব্যবসায়িক কৌশল, প্রভাব পরিমাপ ও স্কেলিং পদ্ধতিকে আরও পরিমার্জিত করতে সহায়তা করার জন্য এক বছরের জন্য পরামর্শ প্রদান করবে।

ওয়ান্ডার উইমেনের প্রতিষ্ঠাতা সাবিরা মেহেরিন প্রথম আলোকে বলেন, তারা ২০ লাখ টাকার অনুদান পেয়েছেন। ১১৩ উদ্যোক্তা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে এই অনুদান পেয়েছেন। ভবিষ্যতে দেশের বাইরে তাদের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা আছে।