ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ৪ ডিসেম্বর থেকে সিএসই উত্সব

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিএসই বিভাগের উদ্যোগে ৪ ও ৫ ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে ৪র্থ সিএসই উত্সব-২০১৫। দুই দিনের এই উৎসবে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য থাকছে ‘বট-বল’ নামের রোবোটিকসের প্রতিযোগিতা, আইটি অলিম্পিয়াড, গেমিং প্রতিযোগিতা, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য থাকছে বিতর্ক প্রতিযোগিতা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক অলিম্পিয়াড।
উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে আছে তথ্য-প্রযুক্তি বিষয়ক মেলা। প্রযুক্তিপণ্য বিপণন ও তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নেবে।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সর্বাধুনিক প্রযুক্তি ও প্রযুক্তিশিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দিতে উৎসবটি আয়োজন করা হচ্ছে। উৎসবটি আয়োজনে সহযোগিতা করছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ), বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলা। সিএসই উৎসবে নিবন্ধন করা যাবে wubcsefest. org এই ঠিকানায়।