ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে দেখা পাওয়া তিন মুঠোফোন
স্পেনের বার্সেলোনায় চলছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)। বিশ্বের মুঠোফোন অপারেটরদের সংগঠন জিএসএমএ আয়োজিত বার্ষিক এ প্রদর্শনীতে নিজেদের তৈরি মুঠোফোন নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। প্রদর্শনীতে দেখা মেলা তিনটি মুঠোফোনের তথ্য তুলে ধরা হলো।
রিয়েলমি জিটি ২ প্রো
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে রিয়েলমি জিটি ২ প্রো মডেলের মুঠোফোন প্রদর্শনী করছে রিয়েলমি। মুঠোফোনটির সবচেয়ে বড় সুবিধা হলো দ্রুত চার্জিং প্রযুক্তি। মুঠোফোনটির পেছনে রয়েছে ৩টি ক্যামেরা। এর মধ্যে দুটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, অন্যটি ৩ মেগাপিক্সেলের। ভালো মানের সেলফি তোলার জন্য মুঠোফোনটির সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা, যা কাজ লাগিয়ে ৮কে প্রযুক্তির ভিডিও করা যায়। ৬.৭ ইঞ্চি পর্দার মুঠোফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিয়া গেরিলা গ্লাস। আরও রয়েছে কোয়ালকমের সর্বাধুনিক ও দ্রুতগতির প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১।
অপো ফাইন্ড এক্স ফাইভ প্রো
অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলা অপোর ফ্লাগ শিপ এ মুঠোফোনে রয়েছে অক্টাকোর প্রসেসর সুবিধা। ৬.৭ ইঞ্চি অ্যামোলেড পর্দার মুঠোফোনটিতে ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ হয়। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পাশাপাশি মুঠোফোনটির পেছনে রয়েছে ৫০, ১৩ ও ৫০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। ৫ হাজার এমএইচ ক্ষমতার ব্যাটারি থাকায় একটানা দীর্ঘ সময় ব্যবহার করা যায় মুঠোফোনটি।
পোকো এক্স৪ প্রো ৫জি
ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে পোকো প্রদর্শন করছে পোকো এক্স৪ প্রো ৫জি মডেলের মুঠোফোন। বাজারে আসতে যাওয়া ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস পর্দার মুঠোফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮১০ প্রসেসর। ৪, ৬ ও ৮ গিগাবাইট র্যামের আলাদা সংস্করণের মুঠোফোনটির পেছনে রয়েছে ১০৮, ৮ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।