পেশাগত অথবা ব্যক্তিগত কারণে প্রতিদিন অনেকটা সময় কম্পিউটারের সামনে বসে থাকতে হয়, এমন মানুষের সংখ্যা বেশ। অনেকে কোনো বিরতি ছাড়াই একটানা কাজ করে যান। এভাবে কাজ করলে প্রতি ঘণ্টায় অন্তত কিছুটা সময় শরীর ও চোখ দুটোকেই কিছুটা বিশ্রাম দেওয়া উচিত। এখানেই আসে সময়ের হিসাব। টানা কতক্ষণ কাজ করছেন, সেটা যদি কম্পিউটার ওয়ালপেপারে জানা যায় তবে ভালোই হয়। আর সময়ের এই হিসাবটা জানা যাবে ওয়ালপেপারের স্বয়ংক্রিয় রং পরিবর্তনের মাধ্যমে।
পদ্ধতিটা খুব সহজ। নির্দিষ্ট সময় পর পর উইন্ডোজের ঘুরেফিরে ওয়ালপেপার দেখানোর সুবিধাটা কাজে লাগিয়ে কিছু নির্দিষ্ট রঙের ওয়ালপেপার জুড়ে দিতে হবে। ওয়ালপেপারগুলো জিপ আকারে নামানো যাবে goo.gl/R3y8yS ওয়েব ঠিকানা থেকে। মোট নয়টি ওয়ালপেপার, এর নামগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো আছে। প্রথমেই আছে শূন্য মিনিটের হালকা নীল রঙের ওয়ালপেপার, তারপর গাঢ় নীল, সবশেষে লাল রঙের ওয়ালপেপার। প্রতি ৩০ মিনিট পরপর একটি করে নতুন ওয়ালপেপার আসবে, প্রতিটা পরিবর্তনে হালকা থেকে গাঢ় হতে থাকবে এর রং। এভাবে প্রতি চার ঘণ্টার একটা হিসাব শুরু হবে। ঠিক কতটুকু সময় জুড়ে কাজ চলছে, তা সহজে আঁচ করা যাবে নিচে থাকা টাস্কবারের রং পরিবর্তন দেখে। এ ছাড়া সবকিছু মিনিমাইজ করলে ওয়ালপেপারের মাঝখানটায় বড় করে লেখা সময় দেখেও আন্দাজ করা যাবে কাজের পরিধি।
ইন্টারনেট থেকে নামানো জিপ করা ওয়ালপেপারগুলো আনজিপ করে নিন। এখানে একক ও দ্বৈত মনিটরের জন্য আলাদা দুটি ফোল্ডার আছে। উইন্ডোজ ৭ এবং ৮ অপারেটিং সিস্টেমে ডেস্কটপের খালি জায়গায় ডান ক্লিক করে Personalize-এ ক্লিক করুন। এবার নিচে থাকা Desktop Background লিংকে ক্লিক করে নিজের জন্য প্রযোজ্য (একক বা দ্বৈত মনিটর) ওয়ালপেপার ফোল্ডারের অবস্থান দেখিয়ে দিন। এবার প্রথমে শূন্য লেখা ওয়ালপেপারটি নির্বাচন করে ওপরে Select all বোতামে ক্লিক করুন। তারপর নিচে থাকা ওয়ালপেপার পরিবর্তনের সময় ৩০ মিনিট দিয়ে পাশের Shuffle এবং When using battery power অপশন দুটি থেকে টিক উঠিয়ে দিন। সবশেষে সেভ চেঞ্জেস বোতামে ক্লিক করে পরিবর্তনটি সংরক্ষণ করুন।