ওয়েব পুলিশের ডোমেইন নিয়ে বিবাদ যুক্তরাজ্যে
যুক্তরাজ্যে ওয়েব পুলিশ প্রকল্পের ডোমেইন নামকরণ নিয়ে সামাজিক সংস্থার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছে যুক্তরাজ্যের পুলিশ। সম্প্রতি যুক্তরাজ্যে পুলিশের উচ্চ পরিদর্শক হার ম্যাজেস্ট্রিস ইন্সপেক্টরেট অব কন্ট্রাবুলারি (এইচএমআইসি) ওয়েব পুলিশের একটি বড় প্রকল্প শুরুর পরিকল্পনা করেছে। এই প্রকল্পটি মূলত ওয়েবে পুলিশের একটি নজরদারি (ওয়াচডগ) প্রকল্প। তারা ওয়েবসাইটটির ঠিকানা দিতে চাইছে www.mypolice.org.uk। কিন্তু প্রায় একই নামে (www.mypolice.org) আরেকটি ওয়েবসাইট চালু আছে। এলাকাভিত্তিক পুলিশের বিভিন্ন কাজের সমালোচনা ও তথ্য প্রচার ছাড়াও নানান অপরাধ, মতামত এবং ক্ষতিগ্রস্তদের অভিযোগ পুলিশের কাছে পৌঁছে দিতে গত বছরের মাঝামাঝি এই ওয়েবসাইটটি চালু করে সে দেশের একটি সামাজিক সংস্থা। একই নাম দেওয়ায় যুক্তরাজ্য পুলিশের ওয়েব পুলিশ প্রকল্পের ওয়েব ঠিকানার ব্যাপারে সম্প্রতি সেই সংস্থা প্রতিবাদ জানিয়েছে। সংস্থাটিকে সমর্থন দিয়েছেআরও কয়েকটি সামাজিক সংগঠন ও সংস্থা।মাইপুলিশ ডট অর্গের অন্যতম প্রতিষ্ঠাতা লরেন কুরি বলেন, ‘এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। নামকরণের এই বিষয়টি অপ্রত্যাশিত।’ তিনি জানান, প্রয়োজন হলে তাঁরা এই নাম বদলে ফেলবেন। ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতারা জানান, একই ঠিকানায় নতুন ওয়েবসাইটের খবরে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে মাইপুলিশ ডট অর্গ ব্যবহারকারীরা। এটা ছিল মূলত মত প্রকাশ করা একটি সর্বজনীন জায়গা। সেখানে সরকারের এমন উদ্যোগকে ভালোভাবে দেখছে না অনেকেই। সাইটটির এক ভক্ত নতুন ওয়েবসাইটের প্রতিবাদে এইচএমআইসিকে ব্যাঙ্গ করে মাইএইচএমআইসি ডট ওআরজি (www.myhmic.org) ঠিকানার আরেকটি সাইট প্রকাশ করেছে। এই সাইটে মূলত সরকারের প্রকল্পটির কঠোর সমালোচনাই জায়গা পাচ্ছে। কঠোর সমালোচনা হচ্ছে ফেইসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের সাইটগুলোতেও। অন্যদিকে প্রকল্পের নাম পরিবর্তনের কোনো পরিবর্তন নেই বলে জানান এইএমআইসির মুখপাত্র। —বিবিসি অবলম্বনে জাবেদ সুলতান