ওয়েব মাধ্যম বদলে দিচ্ছে পৃথিবী
বর্তমানে নানাভাবে সামাজিক যোগাযোগ ও অনলাইন-কার্যক্রমের কারণে বদলে যাচ্ছে পৃথিবী। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি এ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে প্রতিবাদের হাতিয়ার হিসেবেও। আর এ প্রতিবাদ বদলে দিচ্ছে বৈশ্বিক রাজনীতি থেকে শুরু করে দেশের সরকার পর্যন্ত। গত শুক্রবার নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত একটি সম্মেলনে অনলাইনে আন্দোলনকারিদের অনেকে এসব তথ্য জানিয়েছে। ‘ইন্টারনেট স্বাধীনতা’ শীর্ষক এ সম্মেলনে এ বিষয়ে সাম্প্রতিক সময়ে সিরিয়া ও থাইল্যান্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীরা বক্তারা নানা বিষয় তুলে ধরেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আমজান বায়াজি বলেন, সিরিয়ার মানুষজন নিজেদের প্রতিবাদ জানিয়েছে সামাজিক মাধ্যম ব্যবহার করে এবং যুক্ত করেছে নানা ধরনের অপরাধের প্রমাণ। এসব কার্যক্রমই সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি বলেন, প্রত্যেক নাগরিককে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেকজন সাংবাদিক হওয়ার দারুণ সুযোগ দিয়েছে। একই সুবিধা যুক্ত করে খুদে ব্লগ লেখার সাইট টুইটার যেমন কাজে লাগানো যায়, তেমনি ফেসবুককেও কাজে লাগানো যাচ্ছে। খুব কম সময়ে কম কথায় নানা প্রতিবাদ জানানো যাচ্ছে অনলাইন মাধ্যম ব্যবহার করে। আর এ শক্তিই বদলে দিচ্ছে সাধারণ মানুষ, সরকার আর রাজনীতিকে। যদি একজন রাজনৈতিক নেতা টুইটারে কোনো বার্তা প্রকাশ করেন, তাহলে সেখানে অন্যদের কথা বলার সুযোগ থাকে, যা সত্যিকার অর্থে গণতন্ত্রের অন্যতম একটি মাধ্যম, এমনই মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তবে এসব ক্ষেত্রে ইন্টারনেটের স্বাধীনতার ওপর জোর দেওয়ার তাগাদাও দিয়েছেন অনেকেই। পাশাপাশি ব্যবহারকারীরা যাতে করে অপার স্বাধীনতাকে যাচ্ছেতাইভাবে ব্যবহার না করার সে পরামর্শও দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাদের মতে, যেহেতু সামাজিক যোগাযোগ একটি শক্তিশালী মাধ্যম, তাই একে সঠিকভাবে কাজে লাগানোই বড় ব্যাপার। —এএফপি অবলম্বনে কাজী আশফাক আলম