ওয়েবভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন
‘বাংলাদেশে আরও বড় পরিসরে স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নতি করা হবে। সঠিক জনসংখ্যা ব্যবস্থাপনা কার্যক্রম না থাকার কারণে দিন দিন জনসংখ্যা বৃদ্ধির হার আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। এ রকম অবস্থায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অনলাইনভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়তা করবে।’ গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের অনলাইনভিত্তিক ক্রয়-প্রক্রিয়া ও সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এসব কথা বলেন।ইউএসএআইডির মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থায়নে নতুন এই প্রকল্পটি বাংলাদেশে চালু করা হয়েছে। অনুষ্ঠানে ইউএসএআইডির বাংলাদেশ মিশন ডিরেক্টর ডেনিস রোলিন্স স্বাস্থ্যমন্ত্রীর কাছে ওয়েবভিত্তিক নতুন প্রকল্পের সফটওয়্যার হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, ‘জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা গ্রহণ, অকাল গর্ভপাত রোধ প্রভৃতি বিষয়সহ স্বাস্থ্যবিষয়ক অনেক সমস্যার সমাধানে নতুন এই প্রকল্পটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।’অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই প্রকল্পটি একটি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। ইন্টারনেটের মাধ্যমে দেশের প্রতিটি উপজেলায় বসেই সংগ্রহ ও সরবরাহ কর্মকর্তারা সেখানকার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য, জন্মনিয়ন্ত্রণসামগ্রীর বর্তমান অবস্থা জানাতে পারবেন। আর সেখান থেকে পাঠানো তথ্যের ওপর নির্ভর করে চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে বিভিন্ন স্বাস্থ্যসেবাসামগ্রী সরবরাহ করা হবে। একই সঙ্গে এই সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন স্থানের স্বাস্থ্যসেবাসংক্রান্ত ক্রয়ের ব্যাপারগুলো কম সময়ের মধ্যে সমাধান করা হবে। এসব সুবিধার ফলে নীতিনির্ধারকেরা ঢাকায় বসেই দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। অনুষ্ঠানে আরও বলা হয়, এই সফটওয়্যারটি হবে স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে বড় এক তথ্যভান্ডার। এর ফলে সারা দেশের প্রত্যন্ত এলাকায়ও অনেক কম সময়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে ও সেখানের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান হাল জানা যাবে। প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সচিব হুমায়ুন কবির, স্ট্রেন্থেনিং ফার্মাসিউটিক্যাল সিস্টেমসের (এসপিএস) উপপরিচালক ফ্রান্সিস আবোয়াজাই-নায়েম, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সেফায়েতুল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজউদ্দিনসহ অনেকে বক্তব্য দেন। —মোছাব্বের হোসেন