ওয়েবসাইট আর মোবাইল ফোনে বিশ্বকাপ!
শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের খেলাগুলো সরাসরি টেলিভিশনের পাশাপাশি ওয়েবসাইট আর মোবাইল ফোনেও দেখা যাবে। ওয়েবসাইট আর মোবাইল ফোনের জন্য নানা ধরনের কার্যক্রম শুরু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রে ওয়াল্ট ডিজনি করপোরেশন নেটওয়ার্কস, ইএসপিএন এবং এবিসি দেখাবে। প্রায় ৫৪টি খেলা ইএসপিএনের ওয়েবসাইটে (www.espn3.com) সরাসরি দেখা যাবে। তবে যারা ইএসপিএন, এটিঅ্যান্ডটি, ভেরিজোনসহ বেশ কয়েকটি অনুমোদিত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে, তারাই শুধু এ সুবিধা পাবে। তবে টিভি সুবিধা যুক্ত থাকলে মোবাইল ফোনেও দেখা যাবে সরাসরি খেলা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের স্প্যানিশ ভাষাভিত্তিক ইউনিভিশন কমিউনিকেশন নামের প্রতিষ্ঠানটিও ওয়েবসাইটে (www.univision.com) সরাসরি খেলা দেখার সুযোগ রাখছে। যুক্তরাষ্ট্রে ওয়েবসাইটে আর মোবাইল ফোনে খেলা দেখার হার এবার বেশি হবে বলে মনে করছেন গবেষকেরা। কারণ, দক্ষিণ আফ্রিকায় যখন খেলা হবে, তখন যুক্তরাষ্ট্রে দিন এবং তখন কাজের সময়। তাই কাজের ফাঁকে ওয়েবসাইটে কিংবা মোবাইল ফোনে খেলা উপভোগ করতে পারবেন তারা। ইএসপিএন ডিজিটাল মিডিয়ার মহাব্যবস্থাপক জন কোসনার বলেন, ২০০৬ সালের বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপে দর্শকেরা পাবেন ডিজিটাল প্রযুক্তির বিশেষ অভিজ্ঞতা। এবারের অনলাইন সম্প্রচার হবে ওয়েবসাইট ও মোবাইল ফোনের জন্য অন্য রকম এক অধ্যায়। এর আগেও শীতকালীন অলিম্পিকসহ অন্য খেলাগুলো ওয়েবসাইটে সম্প্রচারের ফলে বেশ জনপ্রিয় হয়েছিল। এবারও তা পূর্বের যেকোনো বারের চেয়ে অনেক বেশি হবে বলে মনে করছেন অনলাইন বিশ্লেষকেরা। তবে সবকিছুর পরও যারা ইন্টারনেটে সরাসরি খেলা দেখতে বঞ্চিত হবে, তাদের জন্য রয়েছে ভিডিও দেখার জনপ্রিয় সাইট ইউটিউব। এতে প্রতিটি খেলার ভিডিও স্ট্রিমিং দেখা যাবে খেলা অনুষ্ঠিত হওয়ার পরদিন। —এপি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী