ওয়েবসাইট দেখা যাবে একান্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইট দেখার আধুনিক সফটওয়্যার বা ব্রাউজারগুলোতে বেশ কিছু সুবিধা থাকে। এর মধ্যে একটা সুবিধা হলো ইনকগনিটো বা প্রাইভেট মোড। এটি ব্যবহার করলে আপনি ওয়েবে কোন সাইট দেখছেন তা অন্য ব্যবহারকারীরা দেখতে পারবে না। নিজের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি বজায় থাকবে। যদিও প্রাইভেট মোড আপনাকে ইন্টারনেট সেবাদাতার (আইএসপি) বা অনলাইন নজরদারি ঠেকাতে পারবে না। এ জন্য প্রয়োজন হবে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন সেবা। প্রাইভেট মোডে থাকা অবস্থায় ওয়েবসাইট দেখলে সব ব্রাউজিং তথ্য, হিস্ট্রি, ট্র্যাকিং কুকিজ মুছে যাবে ব্রাউজার বন্ধ করার সঙ্গে সঙ্গে।
প্রাইভেট মোডের সুবিধা: অনেক ওয়েবসাইট আছে যেগুলো সাধারণত পয়সার বিনিময়ে তাদের নিবন্ধ বা বিষয়বস্তুগুলো ব্যবহারকারীদের পড়তে দেয়। এসব সাইটে হয়তো বা ১০টি বা কিছুসংখ্যক নিবন্ধ বিনা মূল্যে পড়া যায়। আপনি যদি প্রাইভেট মুড চালু করে এসব সাইট দেখেন, তাহলে আপনার কম্পিউটারে কোনো কুকিজ জমা না থাকায় নির্ধারিতসংখ্যক নিবন্ধ পড়ার পরও সাইটটি আপনাকে একজন নতুন ব্যবহারকারী হিসেবেই গণনা করবে। আবার, বারোয়ারি কম্পিউটারগুলো খুব একটা যত্নসহকারে রক্ষণাবেক্ষণ করা হয় না। সেখানে নিজের ব্যক্তিগত ই-মেইল, ওয়েবসাইট বা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে প্রবেশ করলে সাবধানতা হিসেবে প্রাইভেট মোড চালু করে কাজ করে উচিত। ফলে নিজের ওয়েবসাইট দেখা শেষে সেটি বন্ধ করলে অন্য ব্যবহারকারী আপনার ইউজারনেম, পাসওয়ার্ডের মতো জরুরি তথ্যগুলো জানতে পারবে না। তারপর অনেকেই আবার চান না, নিজের দেখা ওয়েবসাইট, সার্চ ইঞ্জিনে খোঁজা তথ্য অন্য কেউ দেখুক।
এ ক্ষেত্রেও প্রাইভেট মোড ব্যবহার করে হিস্ট্রিসংক্রান্ত বিড়ম্বনার হাত থেকে বাঁচতে পারেন।
প্রাইভেট মোড চালু করতে চাইলে: গুগল ক্রোমের মেনুতে ক্লিক করে New incognito window বা Ctrl+Shift+N চাপতে হবে। ফায়ারফক্সের জন্য ওপরে বাঁ পাশে থাকা Firefox>New Private Window বা Ctrl+Shift+P চাপতে হবে। ইন্টারনেট এক্সপ্লোরারে সেফটি মেনু থেকে InPrivate Browsing বা Ctrl+Shift+P চাপলে প্রাইভেট মোড চালু হবে।
— মঈন চৌধুরী