ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না ভর্তির তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তিনটি সরকারি কলেজের ওয়েবসাইটে উচ্চমাধ্যমিক শ্রেণীতে ভর্তির কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এতে করে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। অথচ শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী, ভর্তি-সম্পর্কিত সব তথ্য সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০১২-১৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ১০ মে একটি ‘ভর্তির বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তির ৩.৮ অনুচ্ছেদের নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ‘কলেজ কর্তৃপক্ষকে তাদের ভর্তিসংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।’ ইন্টারনেটে গিয়ে দেখা যায়, সিলেট সরকারি কলেজ (www.sgc_syl_bd.org) ও সিলেট এমসি কলেজের (www.mccollegeinfo.com) ওয়েবসাইট খুলছেই না। এ ছাড়া সিলেট সরকারি মহিলা কলেজের (www.sylhetwemenscollege.gov.bd) ওয়েবসাইট বেদখল (হ্যাকড) হয়ে আছে। তবে ওয়েবসাইটে একাদশ শ্রেণীর ভর্তি-সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ (আপলোড) করা হয়নি বলে কলেজ কর্তৃপক্ষ স্বীকার করেছে। সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আশফাক আহমদ বলেন, ‘আমরা ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য সেন্ড করেছিলাম, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি সম্ভব হচ্ছে না।’ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থী নাদিম আহমদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘যেখানে ঘরে বসেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ছোট-বড় অসংখ্য কলেজে ভর্তির সব তথ্য পেয়ে যাচ্ছি, সেখানে নিজ শহরের কলেজগুলোর কোনো তথ্য পাচ্ছি না। এ রকম হলে ডিজিটাল বাংলাদেশ কীভাবে সম্ভব?’এমসি কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার বলেন, ‘আমাদের ওয়েবসাইটটি অচল অবস্থায় রয়েছে। এটি ঠিকঠাক করার জন্য শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নজরুল হক চৌধুরী বলেন, ‘আমাদের কলেজের ওয়েবসাইটটি বেদখল করেছে হ্যাকাররা। এটি চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে।’সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার প্রথম আলোকে বলেন, ‘প্রত্যেকটি কলেজে একটি নিজস্ব ওয়েবসাইট থাকার কথা এবং ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য শিক্ষা বোর্ডের একটি নীতিমালাও রয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’প্রসঙ্গত, সিলেটের সরকারি কলেজগুলোতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনপত্র গ্রহণ ১২ মে থেকে শুরু হয়েছে। আগামী ৬ জুন পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। —সুমনকুমার দাশ, সিলেট প্রতিনিধি