বর্তমানে বাংলাদেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়েছে। ধীরে ধীরে ব্যবহারকারী আরও বাড়ছে। সাধারণত মুঠোফোন কেনার আগে নানা ধরনের বিষয় জানার প্রয়োজন হয়। এ কাজ করতে অনেককেই পড়তে হয় নানা বিড়ম্বনায়। এ সমস্যার সমাধান করতে ইন্টারনেটে বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোনের নানা খবর নিয়ে চালু হয়েছে মুঠোফোন (www.muthofon.com) নামের একটি ওয়েবসাইট। এতে বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোনের বৈশিষ্ট্য, দাম ইত্যাদি জানা যাবে। মুঠোফোনের রিভিউর পাশাপাশি মুঠোফোনসংক্রান্ত সর্বশেষ খবরও জানতে পারবেন সাইটের মাধ্যমে। পাশাপাশি মুঠোফোনের জরুরি যেসব বৈশিষ্ট্য অর্থাৎ ক্যামেরা, মেমোরি কার্ড সুবিধাসহ নানা বিষয়ের বিস্তারিত বর্ণনাও রয়েছে এ সাইটে। শুধু মুঠোফোনই নয়, বর্তমানে আরেকটি জরুরি বিষয় মুঠোফোনের অপারেটিং সিস্টেম। গুগলের অ্যান্ড্রয়েড, অ্যাপলের আইওএস, মাইক্রোসফটের উইন্ডোজচালিত কোন মুঠোফোন, কোনটিতে ভালো ব্যবহার উপযোগী বৈশিষ্ট্য রয়েছে, কোন ধরনের অ্যাপস ব্যবহার করা যাবে—এসবের বর্ণনাও রয়েছে সাইটে। আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডের বিভিন্ন মুঠোফোনের খবরও রয়েছে এ ওয়েবসাইটে। পাওয়া যাবে ১৪টি ব্র্যান্ডের মুঠোফোনের বিভিন্ন মডেলের ছবিসহ বৈশিষ্ট্য। নতুন মুঠোফোন কিনতে আগ্রহী যেকেউ কেনার আগে একবার এ সাইটে ঢুঁ মারতে পারেন।—রাহিতুল ইসলাম