ওয়েবসাইটে রবীন্দ্রনাথ বাংলা ক্যালেন্ডার
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের দিল্লি শাখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষে চালু করেছে নতুন একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে মিলবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, কবিতা, প্রবন্ধ, নাটক, নৃত্যনাট্যসহ কবিগুরুর শিল্প-সাহিত্য রচনার বিভিন্ন দিক। এখানে আরও মিলবে দিল্লির বাংলা সংস্কৃতিচর্চা-সম্পর্কিত নানা অনুষ্ঠানের তথ্য ও আলোকচিত্র; এখানে থাকছে বাংলা ক্যালেন্ডারও। এই ওয়েবসাইট পূর্ণাঙ্গরূপে দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। দিল্লিতে নিযুক্ত রাজ্যের রেসিডেন্ট কমিশনার ভাস্কর সুলবে বলেছেন, ওয়েবসাইটের সবকিছু তৈরি হতে আরও কয়েক সপ্তাহ লাগবে, এটির কাজ এখন পুরোদমে চলছে। পশ্চিমবঙ্গের শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সায়েন্স ইউনিভার্সিটি ও আইআইটি খড়্গপুরের একটি বেসরকারি সংস্থা যৌথভাবে এই ওয়েবসাইট তৈরির কাজ করেছে।এটি দেখা যাবে www.wbicc.in এই ঠিকানায়।—অমর সাহা, কলকাতা