সাহিত্যের নানা বিষয় নিয়ে ইন্টারনেটে রয়েছে সাময়িকি নামের একটি ওয়েবসাইট। সম্পূর্ণ বাংলায় এ ওয়েবসাইটে বাংলা সাহিত্যের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন দেশের সাহিত্য এবং সাহিত্যিকদের নিয়ে রয়েছে আলোচনা। শুরুতেই রয়েছে প্রচ্ছদ, যেখানে পুরো ওয়েবসাইটের নানা বিষয় রয়েছে। বুক রিভিউ বিভাগে ফিকশন, নন-ফিকশন, কবিতার বিভিন্ন বইয়ের আলোচনা, মুভি রিভিউ বিভাগে ডকুমেন্টারি, ভিডিও ইত্যাদির পাশাপাশি ইভেন্ট বিভাগে রয়েছে সাহিত্য নিয়ে আলোচনা অনুষ্ঠান, আড্ডা, কবিতা, নাটকের খবর। সাক্ষাৎকার বিভাগে সাহিত্যে নোবেল বিজয়ীদের নিজেদের কথার পাশাপাশি বিশ্বখ্যাত সাহিত্যিকদের সাক্ষাৎকার রয়েছে। এ ছাড়া গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাসবিষয়ক আলোচনার পাশাপাশি রয়েছে সেরা সব সাহিত্যের অনুবাদ। এ ছাড়া আর্ট বিভাগে চিত্রকলা, ফটোগ্রাফি, ভাস্কর্য, স্থাপনার আলোচনা, বই সম্পর্কে আলোচনা, ই-বুকের খবরসহ নানা আয়োজনে সমৃদ্ধ সাইটটি। হ-য-ব-র-ল বিভাগে সাহিত্যের পাশাপাশি নানা বিষয়ের লেখা পড়া যাবে। বিনা মূল্যে নিবন্ধনের মাধ্যমে যেকোনো লেখায় নিজের মতামতা জানানো যাবে এবং আর্কাইভে পাওয়া যাবে আগের প্রকাশিত নানা বিষয়। সাহিত্য সম্পর্কে তাৎক্ষণিক নানা আয়োজন সম্পর্কে জানতে দেখুন ওয়েবসাইটটি। ঠিকানা: www.samowiki.com। —নিজস্ব প্রতিবেদক