ওয়েবসাইটেই জানা যাবে কুমিল্লার সব তথ্য
দেশের আর্থসামাজিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তির (আইসিটি) বিস্তার ঘটাতে হবে। এ জন্য তথ্যপ্রযুক্তিকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। সে জন্য সবার আগে নিজ জেলার তথ্য জানতে হবে। তবেই ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে। এ জন্য জেলা তথ্য বাতায়ন নামে কুমিল্লাসহ ৬৪টি জেলার ওয়েবসাইট চালু হয়েছে। গত রোববার সকালে কুমিল্লায় আয়োজিত এক কর্মশালায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব কথা বলেন। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলনকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘ডিজিটাল বাংলাদেশ এবং আমাদের করণীয়’ শীর্ষক এ কর্মশালায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কুমিল্লার ১৬টি উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। কর্মশালায় সহকারী কমিশনার ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ছাত্রী লিজা খাজা প্রজেক্টরের মাধ্যমে কুমিল্লা জেলার চিত্র তুলে ধরেন। কুমিল্লা জেলার ওয়েবসাইট খুললে একনজরে জেলার পরিচিতি তথা প্রাথমিক তথ্য, প্রশাসনিক কাঠামো, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং শিল্প খাতের তথ্য জানা যাবে। কর্মশালায় বক্তব্য দেন কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রণব কুমার ঘোষ। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি মন্ত্রণালয় দেশের ৬৪টি জেলায় ডিজিটাল বাংলাদেশ নিয়ে এ রকম কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে। কুমিল্লার তথ্য জানা যাবে www. dccomilla.gov.bd ঠিকানার ওয়েবসাইটে। —গাজীউল হক, কুমিল্লা