ওয়েবসাইটের নিরাপত্তার জন্য ‘ডট সিকিউর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে হ্যাকিং-বিরোধী নিরাপদ ডোমেইন গড়ে তোলার পরিকল্পনা করছেন ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা। হ্যাকারদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সক্ষম হবে, এমন ডোমেইনটির নাম ‘ডট সিকিউর’ রাখতে চান তাঁরা। এ জন্য নাম অনুমোদনকারী সংস্থা করপোরেশন ফর অ্যাসাইনড নেইম অ্যান্ড নম্বরসের (আইসিএএনএন) কাছে ইতিমধ্যে আবেদনও করা হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, সানফ্রান্সিসকো-ভিত্তিক আরটেমিস আইসিএএনএনের কাছে এই ডোমেইন নামটির জন্য আবেদন করেছে। খুব শিগগিরই তাদের আবেদনটি গৃহীত হতে পারে বলে আশা করছে আরটেমিস।ওয়েবসাইটের ঠিকানা লিখতে এখন যেমন ‘ডটকম’ ব্যবহার করা হয়, আরটেমিসের আবেদন গৃহীত হলে নিরাপদ ওয়েবসাইটের ক্ষেত্রে লিখতে হবে ডট সিকিউর। এ প্রসঙ্গে আরটেমিসের প্রধান কারিগরি কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোস জানিয়েছেন, ইন্টারনেটে ওয়েবসাইটের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ‘ডট সিকিউর এতটাই নিরাপদ হবে যে ওয়েবসাইটের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তখন।’ এই ডোমেইনের অধীনে থাকা ওয়েবসাইটগুলোর নিরাপত্তা ভেদ করার ক্ষমতা কোনো দেশের সরকারেরও হবে না বলে তিনি জানান।নতুন জেনেরিক টপ লেভেল ডোমেইন (জিটিএলডি) বিষয়ে ২২ মে থেকে আবারও আবেদন গ্রহণ করবে আইসিএএনএ। এখন পর্যন্ত জিটিএলডি ডোমেইনের জন্য এক হাজার ২৬৮টি প্রতিষ্ঠানের দুই হাজার ৯১টি আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।