ওয়েবে কার্ডিনালের জন্য প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ্যাডপ্ট আ কার্ডিনাল’ নামে জার্মানির একটি ওয়েবসাইটের প্রশংসা করেছে ভ্যাটিকান। ওয়েবসাইটটি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত কার্ডিনালের জন্য প্রার্থনা করতে উৎসাহিত করে। কার্ডিনালদের অন্যতম দায়িত্ব হচ্ছে খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের জন্য পোপ নির্বাচন করা। ভ্যাটিকানের মুখপাত্র ফেডেরিকো লোম্বার্ডি গত শুক্রবার সাংবাদিকদের বলেন, কার্ডিনালরা এই ওয়েবসাইট সম্পর্কে অবহিত আছেন। অসংখ্য মানুষ এতে যোগ (সাইন-আপ) দিয়েছেন। তিনি বলেন, ‘এই ওয়েবসাইটের সাহায্য নিয়ে প্রার্থনার একটি আন্দোলন শুরু হয়েছে।’ যখন কোনো ব্যক্তি এই ওয়েবসাইটে যোগ দেন, তখন ওই ব্যক্তিকে ১১৫ জনের মধ্যে একজনকে কার্ডিনাল হিসেবে নির্বাচিত করার জন্য বলা হয় । এই ১১৫ জনের জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি বিস্তারিত তথ্য থাকে। নির্বাচিত হলে ওই কার্ডিনাল চলতি সপ্তাহে অনুষ্ঠেয় পোপ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। গোপন সভাকক্ষে মিলিত হয়ে কার্ডিনালরা পোপ নির্বাচন করবেন। গত ২৮ ফেব্রুয়ারি পোপ যোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর পোপের পদটি শূন্য হয়। এ পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশি মানুষ ওয়েবসাইটটিতে সাইন-আপ করেছেন। ওয়েবসাইটটির অন্যতম নির্মাতা ৩৭ বছর বয়সী জার্মান নাগরিক উলি হেকেল বলেন, কার্ডিনালদের জন্য প্রার্থনা করাটা খুব জরুরি। আর এই প্রার্থনা করতে সাহায্য করবে অ্যাডাপ্ট আ কার্ডিনাল ওয়েবসাইট। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান