কাজের প্রয়োজনে বিভিন্ন সময় সরকারি গুরুত্বপূর্ণ ফরমের প্রয়োজন হয়। বর্তমানে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (মেশিন রিডেবল পাসপোর্ট—এমআরপি) ফরম থেকে শুরু করে ভিসা, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন), ড্রাইভিং লাইসেন্স, পেনশন, পারিবারিক স্কিমসহ নানা ধরনের গুরুত্বপূর্ণ ফরম পাওয়া যায় ওয়েবসাইটে। বাংলাদেশ সরকারের ই-সিটিজন সেবা কর্মসূচির আওতায় তৈরি শুধু প্রয়োজনীয় ফরম নিয়ে রয়েছে ওয়েবসাইট। বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই তৈরি করা হয়েছে এ সাইট। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের দরকারি ফরম, ক্যাটাগরি অনুযায়ী বিয়ে, জন্ম, বিবাহ, নাগরিক সনদ, সমবায় সমিতি, শিক্ষা, সরকারি সেবা, কর, মুক্তিযুদ্ধ, বিভিন্ন লাইসেন্স ও অনুমতি, ইউটিলিটি বিল, বৃত্তিসহ নানা ধরনের বিষয়ের ফরম রয়েছে। এসব ফরম মাইক্রোসফট ওয়ার্ড ও পোর্টেবল ডকুমেন্ট ফরমেট (পিডিএফ)—দুই ফরমেটেই পাওয়া যাবে। ওয়েবসাইটে নতুন করে টেলিফোন সংযোগ নিতে কিংবা ডায়াল-আপ ইন্টারনেট সেবার আবেদন ফরম, বিভিন্ন শিক্ষাবৃত্তি, মুক্তিযোদ্ধাদের সনদ, নাগরিক সনদসহ আরও বিভিন্ন বিষয়ের ফরম পাওয়া যাবে। প্রতিটি ফরম বাংলার পাশাপাশি ইংরেজিতেও রয়েছে। সরকারি কার্যক্রমের যেকোনো গুরুত্বপূর্ণ ফরম পেতে আজই দেখতে পারেন ওয়েবসাইটটি। সাইটটির ঠিকানা: www.forms.gov.bd। —নুরুন্নবী চৌধুরী