ওয়েবে চলছে আইওএস৬!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো বাজারে ছাড়া হয়নি অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস৬ সংস্করণটি। তার পরও এই সংস্করণ কেউ ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করছেন! সম্প্রতি সিএনএন এক খবরে জানিয়েছে, সম্ভবত অ্যাপলেরই কেউ পরীক্ষামূলকভাবে এই অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণটি ব্যবহার করে নিয়মিত ইন্টারনেট ব্রাউজ করছেন।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল তাদের খবরে উল্লেখ করেছে, তাদের সাইটগুলো যে ডিভাইস থেকে দেখা হয়, সেই ডিভাইসের অপারেটিং সিস্টেমের একটা তথ্য দেখার ব্যবস্থা তাদের থাকে। সম্প্রতি সেখানে ভিন্ন একটি অপারেটিং সিস্টেমের খোঁজ পাওয়া গেছে। আইফোন ও আইপ্যাড থেকে যে ব্যবহারকারী এই দুটি সাইট দেখেছেন, তিনি আইওএস৬ দিয়ে ব্রাউজ করছিলেন। তাঁর অনলাইন ডেটাবেজ বিশ্লেষণ করে এই দুটি সাইটের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপলের হেডকোয়ার্টারে বসে কেউ আইওএস৬ চালাচ্ছেন। অনেক বেশি রেজুলেশনের কোনো ডিভাইস থেকে আইওএস অপারেটিং সিস্টেম ও গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহার করে ব্রাউজের তথ্যও পাওয়া গেছে। বর্তমানে আইওএস৫ অপারেটিং সিস্টেম ব্যবহূত হয়। আইওএস৫.১ সংস্করণটি অবশ্য ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে আইওএস৬ নিয়ে কোনো কথা এখনো ওঠেনি। এ বিষয়ে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেছিল ম্যাশএবল। তবে অ্যাপল এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি।উল্লেখ্য, ৭ মার্চ অ্যাপল এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অ্যাপল রেটিনা ডিসপ্লেযুক্ত আইপ্যাড ৩-এর ঘোষণা দেবে এ অনুষ্ঠানে, তবে আইওএস৬-সংক্রান্ত কোনো তথ্য এ সময় না-ও আসতে পারে। যেহেতু অ্যাপলের হেডকোয়ার্টারে এই অপারেটিং সিস্টেমটি নিয়ে পরীক্ষা চলছে, তাই শিগগির আইওএস৬ বাজারে আসছে বলেই ধারণা করছেন তাঁরা।