ওয়েবে পড়ুন এভারেস্ট বিজয়ীর দিনলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৭ এপ্রিল। এ পর্যায়ে এভারেস্টের লো লা ফেস চোখে পড়ে। এই ফেস দিয়েই জর্জ লেই ম্যালরি ১৯২২ সালে সর্বপ্রথম এভারেস্ট অভিযান পরিচালনা করার পর আরও কয়েকটি দলও এ রুটে এভারেস্ট জয় করার চেষ্টা করেছিল। কিন্তু রুটের ভয়াবহতার কারণে এ রুট তারা পরিত্যাগ করে। পরে নর্থ ফেস দিয়ে এভারেস্টের দিকে অভিযান পরিচালনা শুরু হয়।ট্রেক করতে করতে একসময় এভারেস্ট চোখের সামনে থেকে হারিয়ে গেল।’ বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহীমের এভারেস্ট অভিযানের দশম দিনের দিনলিপির অংশবিশেষ এটি। গত বছরের ৮ এপ্রিল ঢাকা থেকে কাঠমান্ডু যাত্রা করেছিলেন তিনি এভারেস্ট অভিযানের উদ্দেশ্যে। আর তাঁর এভারেস্টজয়ের পথের দিনিলিপি এখন প্রতিদিন নিজের ওয়েবসাইটে লিখছেন মূসা ইব্রাহীম। এভারেস্টজয়ের বছরপূর্তি উপলক্ষে এ দিনলিপি লিখছেন তিনি। ২৩ মে এভারেস্ট বিজয়ের দিন ও পরে ১ জুন ঢাকায় ফিরে আসা পর্যন্ত দিনলিপি লেখা হবে বলে জানান মূসা ইব্রাহীম।www.musaibrahim.com.bd ঠিকানার ওয়েবসাইটে এভারেস্ট ডায়েরি অংশে পাওয়া যাবে মূসার এই অভিজ্ঞতা। এ ছাড়া এ ওয়েবসাইটের ফটোগ্যালারিতে মূসা ইব্রাহীমের এভারেস্ট অভিযানের পুরো অ্যালবাম সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এ ছাড়া আছে এভারেস্টের চূড়ায় বাংলাদেশ শীর্ষক প্রদর্শনীর ছবিগুলো। সাইটে ভিডিও রয়েছে; আছে মন্তব্য করার সুযোগ। চাইলে মূসা ইব্রাহীমের অটোগ্রাফও সংগ্রহ করা যাবে। ব্লগে নিবন্ধন করে নিজেও কিছু লিখতে পারবেন। এ ছাড়া প্রশ্নও করতে পারবে যে কেউ। মূসা ইব্রাহীম তার উত্তর দেবেন। সাইটটিতে মূসা ইব্রাহীমের ইউটিউব, ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট ও উইকিপিডিয়ার লিংকও আছে।—তৌহিদা শিরোপা