কম্পিউটার ব্যবহারকারীরা বর্তমান সময়ে প্রধানত যেসব সমস্যায় পড়ে, এর অন্যতম হচ্ছে ফাইলের ধরন (ফরম্যাট) রূপান্তর করা (কনভার্ট)। দেখা যায়, একটি ফাইল এক কম্পিউটারে চলে, কিন্তু অন্য কম্পিউটারে চলে না। সমস্যাটি মূলত ফাইলের ফরম্যাটের কারণে। দেখা যায়, প্রতিটি সফটওয়্যারের নিজস্ব একটি ফরম্যাট থাকে। এ কারণে অনেক সময় ফরম্যাট পরিবর্তনের প্রয়োজন পড়ে। আবার সেই পরিবর্তনের জন্য প্রয়োজন হয় ফাইল কনভার্টারের (ফরম্যাট বদলানোর জন্য বিশেষ সফটওয়্যার)। প্রতিটি ফাইল ফরম্যাটের জন্য আবার আলাদা সফটওয়্যার সংগ্রহ করাও (ডাউনলোড) বড় একটি সমস্যা। সহজেই এ সমস্যার সমাধান করা যায় জামজার নামের ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইট থেকে যেকোনো ধরনের ফাইল ফরম্যাট পরিবর্তন করা যায়। এটিকে ওয়েবভিত্তিক ফাইল কনভার্টারও বলা যায়। এতে ডকুমেন্ট কনভার্টের জন্য রয়েছে ডক, ডকএক্স, এইচটিএমএল, ওডিটি, পিডিএফ, পিপিটি, পিপিটিএক্স, আরটিএফ, সিএসভি ইত্যাদি। ভিডিও ফাইল রূপান্তরের জন্য আছে থ্রিজিপি, এফএলভি, ওজিজি, আরএম, এভিআই, এমএমএফ, এক্সএলএস, আইপড, জিভিআই ইত্যাদি। ছবির জন্য রয়েছে বিএমপি, জিআইএফ, টিআইএফএফ, ডব্লিউএমএফ, পিএনজি ইত্যাদি। অডিও ফরম্যাটের জন্য রয়েছে ওজিজি, এএসি, এসিও, এমপিথ্রি ইত্যাদি। এর মাধ্যমে সর্বোচ্চ ১০০ মেগাবাইট আকারের ফাইল কনভার্ট করা যায়। এতে কোনো ফাইল কনভার্ট করা হলে তা ব্যবহারকারীর ই-মেইল ঠিকানায় পাঠানো হয়। এ ছাড়া এই সাইটের মাধ্যমে ইউটিউবের অনলাইন ভিডিও যেকোনো ফরম্যাটে সংগ্রহ করা যায়। ওয়েবসাইটটির ঠিকানা: www.zamzar.com —শান্তনু ঘোষ