ওয়েবে রবীন্দ্র রচনাবলী
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পূর্ণ রচনাবলী পাওয়া যাবে ইন্টারনেটে। প্রয়োজনে এই রচনাবলী কপি করা যাবে। ই-মেইলেও পাঠানো যাবে অন্যের কাছে। গত সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় মহাকরণে একটি অনুষ্ঠানের মাধ্যমে ইন্টারনেটে রবীন্দ্র রচনাবলীর নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী দেবেশ দাস, অধ্যাপক পবিত্র সরকার, অধ্যাপক অনুপম বসুসহ অনেকে।রবীন্দ্র রচনাবলীর এই ওয়েবসাইট তৈরি করেছে ‘ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ’। এই কাজে সাহায্য করেছেন খরগপুরের আইআইটি এবং শিবপুর বিই কলেজের শিক্ষকেরা। এই ওয়েবসাইটে পাওয়া যাবে রবীন্দ্রনাথের সমগ্র রচনাবলী। সাইটটির ঠিকানা—www.rabindra-rachanabali.nltr.org।থাকছে প্রথম শব্দ ধরে অনুসন্ধানের সুযোগ, বর্ণানুক্রমিক সূচি, সাইট সহায়িকা ইত্যাদি। শুধু তাই নয়, কোনো একটি শব্দ ধরেও সন্ধান করা যাবে এখানে। রচনাবলীর যেকোনো অংশ প্রয়োজনে কাউকে ই-মেইলে পাঠানো যাবে। পুরো সাইটে ইউনিকোড ৫.০ সমর্থিত বাংলা ব্যবহার করা হয়েছে। এর প্রোগ্রামিং সংকেত উন্মুক্ত রাখা হয়েছে। রবীন্দ্রনাথের উপন্যাস, গল্প, নাটক, গান, কবিতা, প্রবন্ধ, গানের স্বরলিপি ইত্যাদি থাকছে এই সাইটে। অধ্যাপক পবিত্র সরকার জানান, আগামী দিনে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শরত্চন্দ্র, নজরুল ইসলাম, সুকান্ত ভট্টচার্যের বিভিন্ন লেখা নিয়ে তৈরি করা হবে আলাদা ওয়েবসাইট। —অমর সাহা