ওয়েবে শিশুদের জ্ঞান বাড়ানোর উদ্যোগ
শিশুদের পড়াশোনার জন্য প্রযুক্তি এবং প্রয়োজনীয় বিষয় নিয়ে চালু হয়েছে একটি ওয়েবসাইট। টিম ক্রিয়েটিভের তৈরি নতুন এ ওয়েবসাইটের মাধ্যমে তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রযুক্তির সঙ্গে যুক্ত থেকে ইন্টারনেটেই নানা ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এতে তাদের জ্ঞানের পরিধিবিস্তৃত গবে।প্রতিযোগিতামূলক বিশ্বে শিশুদের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে গতকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে চ্যাম্পস ২১ (www.champs21.com) নামের এ ওয়েবসাইট। অভিজ্ঞ একদল শিক্ষক এ সাইটে নির্ধারিত শ্রেণীর শিক্ষার্থীদের পাঠক্রম অনুযায়ী বিজ্ঞান এবং গণিতের বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছেন। সাইটটির মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে যাচাইয়ের সুযোগ পাবে। টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী রাসেল টি আহমেদ প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এখন থেকেই শিশুদের তথ্যজ্ঞান বৃদ্ধির জন্যই এমন একটি উদ্যোগ। শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহী এবং ইন্টারনেট দুনিয়া থেকে তথ্য জানার মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া ভবিষ্যৎ প্রতিযোগিতার মুখোমুখি হতে সাহায্য করবে। তিনি বলেন, শুধু শিশু শিক্ষার্থীরাই নয়; যেসব পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেবে, তাদের পুরো অবস্থা সম্পর্কে অভিভাবকদের ই-মেইলের মাধ্যমেও জানানোর ব্যবস্থা রয়েছে; যাতে অভিভাবকেরাও নিজের সন্তানদের অবস্থান জানতে পারেন। বর্তমানে ইংরেজিতে এ প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হলেও আগামী বছরের শুরুতে বাংলায় এ সেবা চালু হবে বলে জানান তিনি। এমন উদ্যোগের মূল কারণ সম্পর্কে তিনি বলেন, এমন একটি কন্টেন্ট তৈরির চেষ্টা চলছে, যার মাধ্যমে শিশু শিক্ষার্থীরা ইন্টারনেটে পড়াশোনার ব্যাপারে আগ্রহী হবে এবং তথ্যজ্ঞান বৃদ্ধির কাজটি করে যাবে। শিগগিরই নিয়মিত কুইজের ব্যবস্থাও রাখা হবে এ সাইটে, যার মাধ্যমে সেরা ১০ শিক্ষার্থীর নাম থাকবে। এতে নিয়মিতভাবে অংশ নিতে নিবন্ধন করতে হবে। শিক্ষার্থীদের ইন্টারনেট তথ্য খোঁজার কাজটি সহজ করতে এ ওয়েবসাইটে যুক্ত হয়েছে সার্চ ইঞ্জিন গুগল, উইকিপিডিয়া, ব্রিটানিকা ও এনসাইক্লোপিডিয়া লিংক। —নুরুন্নবী চৌধুরী