চলতি বছর প্রায় ৯৯ হাজার বাংলাদেশি হজ পালন করতে যাবেন। বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশি হজযাত্রীরা হজের নানা তথ্য পাচ্ছেন হজ ওয়েবসাইট (www.hajj.gov.bd) থেকে। বিশেষ করে এই সাইট থেকে হজযাত্রীর সব তথ্য পেয়ে থাকেন তাঁর পরিবারের সদস্যরা। এবারও এ সাইটে থাকছে আরও সুবিধা ও হালনাগাদ তথ্য। হজযাত্রীর তথ্য ও অবস্থান সম্পর্কে জানার জন্য ওয়েবসাইটে গিয়ে নাম, থানা, জেলা, পাসপোর্ট নম্বর বা নামের অংশবিশেষ নিয়ে খোঁজ (সার্চ) করলে তাঁর সম্পর্কে ছবিসহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
হজের সময় হাজির আত্মীয়স্বজন উৎকণ্ঠায় থাকেন, তাঁদের অবস্থান সম্পর্কে জানতে চান। তাঁরা এই ওয়েবসাইটে সব তথ্য পেয়ে থাকেন।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেড হজযাত্রীদের সহায়ক এই ওয়েবসাইট তৈরি করেছে। সাইটে হজযাত্রীরা যাতে নিজেদের তথ্য নিজেরাই হালনাগাদ করতে পারেন, সে ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি হজযাত্রীদের জন্য আছে সরকারের হজনীতি, সংশ্লিষ্ট বছরের হজ প্যাকেজ, হজের জন্য আবেদন করার নিয়ম, হজের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন, হজের জন্য কোথায় কোথায় যেতে হবে, হজ ফ্লাইটের সময়সূচি ইত্যাদি তথ্য। পৃথিবীর যেকোনো প্রান্তে বসে ওয়েবসাইটের মাধ্যমে হজ-সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে পারেন। হজযাত্রী চাইলে দেখতে পাবেন তাঁর সফরসঙ্গী কারা, এজেন্সির মাধ্যমে কোন বয়সী, কোন পেশার, কোন জেলার হজযাত্রী যাচ্ছেন, তা-ও জানতে পারবেন।
বিজনেস অটোমেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল হাসান জানান, হজযাত্রীদের প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইটে সংরক্ষণ করা হয়েছে। ওয়েবসাইটে হজযাত্রী নিজের তথ্য নিজেই হালনাগাদ করতে পারবেন। তথ্যে গরমিল থাকলে সংশ্লিষ্ট এজেন্সিকে জানাবেন।