জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অক্টোবর হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর প্রায় ৯৯ হাজার বাংলাদেশি হজ পালন করতে যাবেন। এবার হজবিষয়ক ওয়েবসাইটে বাংলাদেশের হজযাত্রীরা নিজেরাই তাঁদের তথ্য হালনাগাদ করে নিতে পারবেন। ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বিজনেস অটোমেশন লিমিটেড নতুন আঙিকে তৈরি করেছে www.hajj.gov.bd ঠিকানার ওয়েবসাইট।
হজযাত্রীদের জন্য বেশ কিছু তথ্য জানা প্রয়োজন। এ তথ্যগুলোর মধ্যে সরকারের হজনীতি, সংশ্লিষ্ট বছরের হজ প্যাকেজ, হজের জন্য আবেদন করার নিয়ম, হজের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন, হজের জন্য কোথায় কোথায় যেতে হবে, হজ ফ্লাইট—সব তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে। বিজনেস অটোমেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল হাসান জানান, হজযাত্রীদের প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইটে রয়েছে। চাইলে তাঁরা এই তথ্য পরিবর্তন, পরিবর্ধন করতে পারবেন। এ জন্য নিবন্ধন করতে হবে। হজযাত্রীর পাসপোর্ট নম্বর, বৈধতার মেয়াদ ও এজেন্সির নাম লিখে নিজেই নিবন্ধন করতে পারেন। ২০ জুলাইয়ের পর ওইসব তথ্য পুলিশের গোয়েন্দা বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠানো হবে।
এ ছাড়া হজের সময় ওয়েবসাইটটি হজযাত্রীর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে। হজযাত্রীর তথ্য ও অবস্থান সম্পর্কে জানার জন্য ওয়েবসাইটে গিয়ে নাম, থানা, জেলা, পাসপোর্ট নম্বর বা নামের অংশবিশেষ নিয়ে সার্চ দিলে তাঁর সম্পর্কে ছবিসহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
—ফেরদৌস ফয়সাল