ওয়েবের ইতিহাস এখন গ্যালারিতে
যুক্তরাজ্যের ব্রাডফোর্ডের ন্যাশনাল মিডিয়া মিউজিয়ামে একটি নতুন গ্যালারি গতকাল শুক্রবার থেকে চালু হয়েছে।ওই গ্যালারিতে এসে লোকজন ওয়েবের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। যুক্তরাজ্যে এ ধরনের গ্যালারি এই প্রথম। গ্যালারির কিউরেটর টম উলি বিবিসিকে বলেন, ‘ইন্টারনেটের ইতিহাস জনগণের জন্য জানাটা খুব জরুরি। কেননা, ইন্টারনেট মানুষের জীবনযাত্রাকে আমূল বদলে দিয়েছে। তাই এ ধরনের একটি গ্যালারি আমরা চালু করতে যাচ্ছি। এখানে ওয়েবের জনক স্যার টিম বার্নার্স লি ও ভিন্ট কার্ফের অবদান সম্পর্কে জানা যাবে।’ টম উলি বলেন, ‘ইন্টারনেট আমাদের জীবনের একটা বড় অংশ। এটা সবার জন্য জানা জরুরি যে কীভাবে ওয়েব এল এবং আমাদের জীবনকে দখল করে নিল। ওয়েবের সামাজিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক প্রভাব সম্পর্কেও এই গ্যালারিতে এসে লোকজন জানতে পারবে। কি না হচ্ছে আজকাল ইন্টারনেটে! সিনেমা দেখা, টেলিভিশনের অনুষ্ঠান দেখা, গান শোনা, গেম খেলা—সবই আজকাল হচ্ছে ইন্টারনেটে। ইন্টারনেটের মাধ্যমে ফোনেও কথা বলা যাচ্ছে।’ টম বলেন, এই গ্যালারি চালু করতে ২০ লাখ পাউন্ড খরচ হয়েছে। তবে এই গ্যালারি দেখার জন্য দর্শনার্থীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। তারা বিনা মূল্যেই গ্যালারিতে প্রবেশ করতে পারবে। তিনি আরও বলেন, ‘আমাদের সৌভাগ্য যে ওয়েবের জনকেরা এখনো বেঁচে আছেন। আমরা তাঁদের কাছ থেকেও জানতে পারব তাঁদের এই আবিষ্কারের পেছনে কোন অনুপ্রেরণা কাজ করেছে।’ —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান