ওয়েবের প্রথম ছবি
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে প্রথম যাঁদের ছবি প্রকাশিত (আপলোড) হয়েছিল তাঁরা হলেন: যুক্তরাষ্ট্রের লেস হরিবলস সার্নেটস নামের একটি ব্যান্ডের সদস্য। এ সংগীত দলের সব সদস্যই নারী। এ দল গতকাল শনিবার জেনেভায় পারমাণবিক গবেষণাবিষয়ক ইউরোপীয় প্রতিষ্ঠান সার্ন ল্যাবরেটরিতে আয়োজিত একটি সংগীত উৎসবে অংশ নেয়। এটি ছিল সংগীত দলটির সর্বশেষ পারফরম্যান্স। ইন্টারনেটে ছবি প্রকাশের ২০ বছর পূর্তি উপলক্ষে এ সংগীত উৎসবের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা টিম বার্নার্স লি ১৯৯২ সালের ১৮ জুলাই লেস হরিবলস সার্নেটস ব্যান্ডের সদস্যদের ছবি ইন্টারনেটে প্রকাশ করেন। পরীক্ষামূলকভাবে তিনি এটি করেন। এ ছবি গোটা ওয়েবকেই বদলে দেয়। খুলে দেয় অনেক সম্ভাবনার দ্বার। ১৯৯০ সালে মিশেল ডি গেন্নারো নামের একজন নারী ব্যান্ড গড়ে তোলেন। মিশেল তখন ছিলেন সার্নের একজন গ্রাফিক ডিজাইনার। ব্যান্ডের বাকি সদস্যরাও সার্নে কর্মরত ছিলেন। সার্নের বিভিন্ন অনুষ্ঠান ও সম্মেলনে পপ গান গেয়ে দলটি খ্যাতি অর্জন করে। গতকালের পারফরম্যান্স ছিল গত পাঁচ বছরের মধ্যে প্রথম। ব্যান্ডের ব্যবস্থাপক জিম হ্যালি বলেন, সর্বশেষ পারফরম্যান্স হওয়ায় ব্যান্ডের সব সদস্যের মধ্যে আবেগ ও উচ্ছ্বাসের পরিমাণটা বেশিই ছিল। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান