২৫ বছর পূর্ণ করেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ)। ১৯৮৯ সালের ১২ মার্চ ব্রিটিশ কম্পিউটারবিজ্ঞানী স্যার টিম বার্নাস-লির হাত ধরে যাত্রা শুরু হয় ডব্লিউডব্লিউডব্লিউ। দুনিয়া বদলে দেওয়া বিশেষ করে প্রযুক্তি-দুনিয়া বদলে দেওয়া এমন উদ্যোগের ফলেই আজ পরিবর্তন হচ্ছে সারা বিশ্ব। ডব্লিউডব্লিউডব্লিউর জনক স্যার বার্নাস-লির নিজের কম্পিউটার নেক্স কিউবে প্রথম চালু হয় ওয়েবসাইটের এবং ওয়েব সার্ভারের। আর ওয়েবের এমন যাত্রায় বর্তমানে দুনিয়া মাতাচ্ছে গুগল, উইকিপিডিয়া, ফেসবুক, ইউটিউব, টুইটারসহ সেরা সব ওয়েবসাইট।
২৫ বছর পূর্তিতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম নানা আয়োজন করেছে। এ উপলক্ষে সংগ্রহ করা হয়েছে প্রযুক্তি-দুনিয়ার সেরা সব মানুষদের মন্তব্য। ইন্টারনেট নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে স্যার টিম বার্নাস-লি বলেছেন, সরকার এবং বিভিন্ন করপোরেট কার্যক্রমে নানাভাবে আক্রান্ত হচ্ছে ইন্টারনেট ও ওয়েব। আর এ নিয়ন্ত্রণ সরিয়ে দিতে এখন প্রয়োজন পদ্ধতিটি মুক্ত করে দেওয়া এবং ইন্টারনেটের নিজস্ব নীতিমালায় এগিয়ে যাওয়া। উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বলেছেন, কথা বলার স্বাধীনতা, জানা এবং শেখা সবকিছুই সম্ভব হয়েছে ওয়েবের কারণে, যা নিজেদের যেমন শক্তিশালী করেছে তেমনি পরিবর্তন করেছে গোটা পৃথিবী। আরও শুভেচ্ছা বার্তা পাওয়া যাবে www.webat25.org ঠিকানায়। প্রযুক্তি-বিশেষজ্ঞদের মতে, সারা বিশ্বের ইন্টারনেটের সঙ্গে যুক্ত ২৭০ কোটি মানুষ! এ সংখ্যাটিই বদলে দেয় এবং বলে দেওয়া ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বর্তমান অবস্থা। —গার্ডিয়ান ও ওয়েব অ্যাট ২৫ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী