
সৃজনশীল প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, কমিপউটার শিক্ষায় একটু বাড়তি নজর দিলে সহজে A+ পাওয়া সম্ভব।
প্রশ্ন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান সমপর্কে লেখো।
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: তথ্য সংগ্রহ, তথ্যের সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্যপ্রযুক্তি। কমিপউটার বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করার সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। প্রতিদিন আমাদের জানা তথ্যভান্ডারের সঙ্গে নতুন নতুন বিভিন্ন প্রয়োজনীয় ও চমকপ্রদ তথ্যের সমাবেশ ঘটছে। এসব তথ্য তাৎক্ষণিকভাবে নানা কাজে ব্যবহারের প্রয়োজন হয়। আর এ কাজ সহজ করার জন্যই উদ্ভব ঘটেছে বিভিন্ন প্রযুক্তির।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান: আধুনিক সভ্যতার উৎকর্ষতার মূলে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশেষ অবদান। নিচে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উল্লেখযোগ্য অবদান সংক্ষেপে তুলে ধরা হলো:
দ্রুত যোগাযোগ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আশীর্বাদে আজ মানুষ মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য যোগাযোগ অব্যাহত রাখতে পারছে। এতে সারা পৃথিবী একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ইন্টারনেট, ই-মেইল, ই-কমার্স ইত্যাদি ব্যবস্থা মানুষকে প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে সরবরাহ করে থাকে।
উন্নত জীবনযাপন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদানে মানুষ আজ ঘরে বসেই পৃথিবীর সব খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে তার পছন্দের জিনিসটি ক্রয় করতে পারছে। একজন ছাত্র কমিপউটার ব্যবহার করে সহজেই পারছে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষিত মূল্যবান তথ্য সংগ্রহ করতে। একজন ব্যবসায়ী পারছে পৃথিবীব্যাপী তাঁর পণ্যের প্রচার ও প্রসার ঘটাতে।
ব্যয় সংকোচন: বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মানুষ তার প্রয়োজনীয় তথ্যটি পেয়ে থাকে ঘরে বসেই মাউস ক্লিক করে। টেলিফোন, মোবাইল ফোন, ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি ব্যবস্থা মুহূর্তেই পৃথিবীর যেকোনো জায়গায় এমনকি দুর্গম পাহাড় কিংবা উত্তাল সমুদ্রবক্ষেও তথ্য প্রেরণ করতে পারে অত্যন্ত কম খরচে।
সময় বাঁচানো: তথ্যপ্রযুক্তির সুবাদে আজ সারা পৃথিবী চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। আগেকার দিনে রানার চিঠি হাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াত দিনের পর দিন, এমনকি মাসও লেগে যেত প্রাপকের হাতে চিঠি পৌঁছাতে। আর এখন তথ্যপ্রযুক্তির বদৌলতে একটি আঙুলের চাপে সংবাদ পৌঁছে যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। ফলে সময় এখন বহুগুণে হ্রাস পেয়েছে।
ব্যবসায়-বাণিজ্যের উন্নয়ন: বর্তমান তথ্যপ্রযুক্তি ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত করেছে। কোনো একটি ব্যবসায় প্রতিষ্ঠান ভৌগোলিক ও রাষ্ট্রীয় গণ্ডি পেরিয়ে তার পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় অব্যাহত রাখতে পারছে সারা পৃথিবীতে। ই-কমার্স, ই-বিজনেস ইত্যাদি এর প্রকৃষ্ট উদাহরণ। এ ছাড়া কর্মীদের বেতনের হিসাব, বিক্রয় ও স্টকের হিসাব, ব্যাংক, বার কোড, বিমা, স্টক এক্সচেঞ্জ, অনলাইনে কেনাকাটা ও প্রতিষ্ঠানের ওয়েব পেইজ তৈরি প্রভৃতি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান অনস্বীকার্য।
পরিবহনব্যবস্থার উন্নয়ন: তথ্যপ্রযুক্তির প্রভাবে পরিবহনব্যবস্থায় পরিবর্তন এসেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বর্তমানে যেকোনো শহরে কোনো রাস্তায় কত গাড়ি চলাচল করছে, কত বেগে গাড়ি চলছে, প্রতি মুহূর্তে তা হিসাব করে সেভাবে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পারছে। এ ছাড়া আগাম টিকিট বুকিং, টিকিট বাতিল, টাইমটেবিল নির্ধারণ, ট্র্যাক নির্ধারণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, যানবাহন চালানোর দিক নির্ধারণ ও গতি নিয়ন্ত্রণ ইত্যাদি জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার তথ্যপ্রযুক্তির মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে।
আধুনিক সভ্যতার উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান অনস্বীকার্য। তাই বর্তমান সময়ের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাদ দিয়ে চিন্তাও করা যায় না।
প্রভাষক, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম