ক ম্পি উ টা র শি ক্ষা ১ ম প ত্র
প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ কম্পিউটার শিক্ষা বিষয়ের ১ম পত্রের ওপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হলো।
প্রশ্ন: সংখ্যাপদ্ধতি কী? সংখ্যাপদ্ধতির ভিত্তি বা বেস বলতে কী বোঝায়? বিভিন্ন প্রকার সংখ্যাপদ্ধতির বর্ণনা দাও।
উত্তর: সংখ্যাপদ্ধতি: কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যাপদ্ধতি বলা হয়। অর্থাৎ পরিমাপের বিভিন্নতা প্রকাশ করার জন্য ব্যবহূত মানের সেটই সংখ্যাপদ্ধতি হিসেবে পরিচিত। সংখ্যাপদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা ১. পজিশনাল সংখ্যাপদ্ধতি ২. নন-পজিশনাল সংখ্যাপদ্ধতি
সংখ্যাপদ্ধতির বেস বা ভিত্তি:
পজিশনাল সংখ্যাপদ্ধতির ক্ষেত্রে কোনো একটি সংখ্যার মান তিনটি বিষয়ের ওপর নির্ভর করে। যথা:
১. ব্যবহূত অঙ্কের নিজস্ব মান
২. সংখ্যার ভিত্তি বা বেস
৩. অঙ্কের স্থানীয় মান
কোনো সংখ্যাপদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহূত মৌলিক চিহ্নগুলোর মোট সংখ্যা। সংখ্যাপদ্ধতির বেস বা ভিত্তির ওপর নির্ভর করে পজিশনাল সংখ্যাপদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে। যেমন:
দশমিক সংখ্যাপদ্ধতি
বাইনারি সংখ্যাপদ্ধতি
অকট্যাল সংখ্যাপদ্ধতি
হেক্সাডেসিম্যাল সংখ্যাপদ্ধতি
দশমিক সংখ্যাপদ্ধতি:
যে সংখ্যাপদ্ধতিতে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯—এই ১০টি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার বেস বা ভিত্তি ১০, সেই সংখ্যাপদ্ধতিকে দশমিক সংখ্যাপদ্ধতি বলা হয়। একে হিন্দু-আরবীয় সংখ্যাপদ্ধতিও বলা হয়। বর্তমানে পৃথিবীতে দশমিক সংখ্যাপদ্ধতি সর্বজন গৃহীত ও স্বীকৃত। উদাহরণ: (১২২)১০
বাইনারি সংখ্যাপদ্ধতি:
যে সংখ্যাপদ্ধতিতে ০ ও ১—এই দুটি অঙ্ক ব্যবহূত হয় এবং যার বেস বা ভিত্তি ২, সেই সংখ্যাপদ্ধতিকে বাইনারি সংখ্যাপদ্ধতি বলা হয়।
উদাহরণ: (১১০০১১)২
অকট্যাল সংখ্যাপদ্ধতি:
যে সংখ্যাপদ্ধতিতে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭—এই আটটি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার বেস বা ভিত্তি ৮, সেই সংখ্যাপদ্ধতিকে অকট্যাল সংখ্যাপদ্ধতি বলা হয়। ১ থেকে ৭ পর্যন্ত অকট্যাল সংখ্যাকে ৩ (তিন) বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। যেমন ১-এর ক্ষেত্রে ০০১, ২-এর ক্ষেত্রে ০১০, ৩-এর ক্ষেত্রে ০১১ ইত্যাদি।
উদাহরণ: (৬৫৭)৮
হেক্সাডেসিম্যাল সংখ্যাপদ্ধতি:
যে সংখ্যাপদ্ধতিতে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯; A, B, C, D, E, F—এই ১৬টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় এবং যার বেস বা ভিত্তি ১৬, সেই সংখ্যাপদ্ধতিকে হেক্সাডেসিম্যাল সংখ্যাপদ্ধতি বলা হয়। A = ১০, B = ১১, C = ১২, D = ১৩, E = ১৪, F = ১৫। ১ থেকে F পর্যন্ত হেক্সাডেসিম্যাল সংখ্যাকে ৪ (চার) বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। যেমন ১-এর ক্ষেত্রে ০০০১, ২-এর ক্ষেত্রে ০০১০, ৩-এর ক্ষেত্রে ০০১১ ইত্যাদি।
উদাহরণ: (৪৮C)১৬.
প্রভাষক
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম