ক ম্পি উ টা র শি ক্ষা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষা খুবই সন্নিকটে। অল্প সময়ের মধ্যে সব বিষয়ের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। তাহলেই জিপিএ-৫ পাওয়া সহজ হবে। কম্পিউটার শিক্ষায় একটু বাড়তি নজর দিলে সহজে জিপিএ-৫ পাওয়া সম্ভব।
প্রশ্ন: সমাজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির প্রভাব আলোচনা করো।
উত্তর: গুহাবাসী মানবসমাজকে পর্যায়ক্রমে অত্যাধুনিক মানবসমাজে উন্নীতকরণে তথ্যপ্রযুক্তির ব্যাপক অবদান অনস্বীকার্য। বর্তমান সমাজব্যবস্থা তথ্যপ্রযুক্তিকে বাদ দিয়ে কল্পনা করা যায় না। সমাজের প্রতিটি ক্ষেত্রে যেমন ব্যবসা-বাণিজ্য, ব্যবস্থাপনা, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি—প্রতিটি ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার দেখা যায়। তবে অনৈতিকভাবে কিছু ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির নেতিবাচক উদ্দেশ্যভিত্তিক ব্যবহার হয়ে থাকে। ফলে সমাজে তথ্যপ্রযুক্তি ব্যবহারে সুফলের পাশাপাশি কুফল দেখা যায়।

আধুনিক সভ্যতার উন্নয়ন তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সঠিক প্রয়োগের ওপর নির্ভরশীল। বর্তমানে ইলেকট্রনিকস এবং কম্পিউটার প্রযুক্তির উৎকর্ষের কারণে টেলিযোগাযোগ, কম্পিউটিং, কনজিউমার ইলেকট্রনিকস ও বিনোদন শিল্পসহ প্রযুক্তির বিভিন্ন শাখাকে পৃথকভাবে কল্পনা করা যায় না। এসব প্রযুক্তি মিলেমিশে সৃষ্টি হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির কল্যাণে মানুষ এখন তথ্যসমাজের দিকে ধাবিত হচ্ছে। এই তথ্য সমাজে অবস্থান করার জন্য তিনটি প্রধান কাজ হলো—

১। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বা আইসিটির অবকাঠামো ও তাতে প্রবেশাধিকার নিশ্চিত করে বর্তমান সমাজকে তথ্য সমাজের দিকে যাওয়ার জন্য প্রস্তুত করা।
২। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বা আইসিটি দক্ষ জনশক্তি তৈরি করা, যাতে তথ্য সমাজের জন্য প্রয়োজনীয় মানবসম্পদের উন্নয়ন হয়।
৩। সব ক্ষেত্রেই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বা আইসিটির ব্যবহার নিশ্চিত করা।
তথ্যপ্রযুক্তির ইতিবাচক প্রভাব: মূলত তথ্যপ্রযুুক্তির ইতিবাচক দিক বা সুফলই প্রধান। সমাজে অব্যাহত অগ্রগতির ধারায় তথ্যপ্রযুক্তি যেসব ক্ষেত্রে সফলভাবে ব্যবহার হচ্ছে, তা নিচে আলোচনা করা হলো—
১। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে: ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও মানোন্নয়নের জন্য দ্রুত ব্যবসায়িক যোগাযোগ রক্ষা, পণ্য বা সেবা প্রদান ও অন্যান্য ব্যবসায়িক কর্মকাণ্ডে তথ্যপ্রযুক্তি ব্যাপক ভূমিকা পালন করছে। আজকাল ব্যাংক, বিমা, ক্রেডিট কোম্পানি, বিমান, পরিবহন ইত্যাদি সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ছাড়া সমাজকে বর্তমানে হাত-পা ছাড়া মানুষ বললেও চলে।
২। শিক্ষাক্ষেত্রে: তথ্যপ্রযুক্তি আজকাল শিক্ষাব্যবস্থাকে করেছে গতিশীল, দক্ষ ও পরিপূর্ণ। ঘরে বসে আজ পৃথিবীর যেকোনো দেশের খ্যাতনামা লাইব্রেরির বই পড়া যায়। জানা যায় গবেষণালব্ধ সাম্প্রতিক তথ্য। শিক্ষাসংক্রান্ত মাল্টিমিডিয়া সিডি তথ্যপ্রযুক্তির বিশেষ অবদান, যা শিক্ষাব্যবস্থাকে করেছে আরও সহজ, আকর্ষণীয় ও পরিপূর্ণ।
৩। চিকিৎসা ক্ষেত্রে: চিকিৎসাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারে মানুষের আজ গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। এখন ঘরে বসে পৃথিবীর যেকোনো জায়গার বিশেষজ্ঞদের পরামর্শ ও সেবা নিতে পারে। গবেষণা হচ্ছে জটিল ও দুরারোগ্য ব্যাধি নিয়ে, উদ্ভব হচ্ছে নতুন কার্যকরী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। তথ্যপ্রযুক্তির কল্যাণে মানুষ পারছে এসব তথ্য জানতে ও সুবিধা ভোগ করতে।
৪। যোগাযোগ ক্ষেত্রে: যোগাযোগ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি এনেছে বিপ্লব। সড়কপথ, রেলপথ, জলপথ ও আকাশপথে যোগাযোগব্যবস্থাকে তথ্যপ্রযুক্তি করেছে নিশ্চিত, নিরাপদ, দ্রুত ও আরামদায়ক। কম্পিউটার-ভিত্তিক ইন্টারনেট ব্যবহার করে তাৎক্ষণিকভাবে পৃথিবীর যেকোনো প্রান্তে তথ্য আদান-প্রদান করে খুব সহজেই যোগাযোগ রক্ষা করা যায়। টেলিফোন, ফ্যাক্স, টেলিভিশন, টেলিপ্রিন্টার, কম্পিউটার, ইলেকট্রনিক মেইল ইত্যাদি যোগাযোগমাধ্যম পৃথিবীকে এনেছে আমাদের হাতের মুঠোয়।
৫। শিল্প-সাহিত্য ও বিনোদন ক্ষেত্রে: শিল্প-সাহিত্যের আজ ব্যাপক প্রচার, প্রসার, মূল্যায়ন তথ্যপ্রযুক্তির কল্যাণেই সম্ভব হচ্ছে। বিনোদনে তথ্যপ্রযুক্তি সৃষ্টি করেছে নতুন চমক। আজ সারা বিশ্বের টিভি চ্যানেলের বিচিত্র ও মনোমুগ্ধকর অনুষ্ঠান ঘরে বসে উপভোগ করা যাচ্ছে। ফলে তথ্যপ্রযুক্তি আজ বিনোদনের চাহিদা পূরণ করে যাচ্ছে।
তথ্যপ্রযুক্তির নেতিবাচক প্রভাব: ব্যাপক সুবিধা ও সুফলের পাশাপাশি তথ্যপ্রযুক্তির কিছু কুফলও রয়েছে। নিচে তথ্যপ্রযুক্তির নেতিবাচক প্রভাব বা কুফল সম্পর্কে আলোচনা করা হলো—
১। নৈতিক অবক্ষয়: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বর্তমানে এমন কিছু বিষয় যুক্ত হয়েছে—যা শিশু-কিশোরদের নৈতিক অবক্ষয়ের দিকে নিয়েযাচ্ছে।
২। গোপনীয়তা হ্রাস: তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রচার-প্রচারণায় অনেক সময় ব্যক্তিগত অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, যা কাম্য নয়।
৩। বেকার সমস্যা: তথ্যপ্রযুক্তির সাফল্যে এখন সর্বক্ষেত্রে স্বয়ংক্রিয়তার পরশ লেগেছে। তাই বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রায় বেকারত্ব সৃষ্টি হচ্ছে।
৪। ডিজিটাল ডিভাইড: তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় কুফল হচ্ছে ডিজিটাল ডিভাইড। বর্তমানে পৃথিবীর উন্নত দেশগুলো তথ্যপ্রযুক্তির সব সুবিধা ভোগ করছে এবং তারা আরও উন্নত হচ্ছে। পক্ষান্তরে, অনুন্নত ও উন্নয়নশীল দেশ তথ্যপ্রযুক্তির প্রায় সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কিংবা যা কিছু সুবিধা পাচ্ছে, তা সব পুরোনো ও সেকেলে। ফলে তারা আরও পিছিয়ে পড়ছে। বর্তমান বিশ্বায়নের যুগে একই পৃথিবীতে বাস করেও দুটি মানবগোষ্ঠীর মধ্যে যে বিশাল পার্থক্য সৃষ্টি হচ্ছে, তা-ই ডিজিটাল ডিভাইড।
৫। শারীরিক সমস্যা: তথ্য ও যোগাযোগপ্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে কম্পিউটারকে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যার জন্য দায়ী করা যায়, চোখের ওপর চাপ, কবজির ক্ষতি, পিঠের সমস্যা, মানসিক চাপজনিত সমস্যা, পেটের আলসার ইত্যাদি।
সমাজের জন্য তথ্যপ্রযুক্তির সুফল কিংবা কুফল নির্ভর করে তার ব্যবহারের ওপর। তাই বৃহৎ স্বার্থে এর নৈতিক ও নিয়ন্ত্রিত ব্যবহার, দ্রুত প্রসার ও উন্নয়ন সাধিত হলে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে তথ্যপ্রযুক্তি সমাজের জন্য আশীর্বাদ।

 প্রভাষক, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম