কক্সবাজার হবে ডিজিটাল সার্ফিং শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পর্যটন নগর কক্সবাজারে সার্ফিংয়ের বিশাল সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কক্সবাজারকে একটি আধুনিক ডিজিটাল নগর হিসেবে গড়ে তোলা হবে। এতে পর্যটনের সম্ভাবনা আরও বেগবান হবে। সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান, বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ডসহ সার্বিক কর্মচাঞ্চল্য।’ কক্সবাজারকে ডিজিটাল সার্ফিং সিটি হিসেবে গড়ে তোলার ব্যাপারে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। গত বৃহস্পতিবার তাঁর দপ্তরে এ ব্যাপারে এয়ারটেল বাংলাদেশ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এই সমঝোতা স্মারকের আওতায় কক্সবাজার বিমানবন্দরে বিনা মূল্যে ওয়াই-ফাই সংযোগ প্রদান, কক্সবাজারের বিভিন্ন স্থানে তারহীন ওয়াই-ফাই হটস্পট স্থাপন, সার্ফিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সমুদ্রসৈকতের সৌন্দর্যবর্ধন, রাস্তার দুই পাশের সৌন্দর্যবর্ধন, আইসিটি ক্লাব স্থাপন এবং টেলিভিশন, রেডিও, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটের মাধ্যমে কক্সবাজারকে তুলে ধরা ইত্যাদি উদ্যোগ নেওয়া হবে।
বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম এবং এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পি ডি শর্মা সমঝোতা স্মারকে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, সুশান্ত কুমার সাহা, এয়ারটেল বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী, প্রধান কারিগরি কর্মকর্তা সন্দীপন চক্রবর্তী, চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলাসহ অনেকে।
বিজ্ঞপ্তি