কক্সবাজারে সুন্দরবনের পক্ষে ৩১০০ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করতে গত বৃহস্পতিবার কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে দিনব্যাপী ইন্টারনেটে ভোট প্রদান উৎসব পালন করেছে। সন্ধ্যা পর্যন্ত প্রায় তিন হাজার ১০০ জন পর্যটক ও জেলা পুলিশের সদস্য সাতটি ল্যাপটপ ও ১২টি মুঠোফোনের মাধ্যমে সুন্দরবনকে ভোট দেন। সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে সুন্দরবনের পক্ষে নিজের ভোটটি প্রয়োগ করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর। এরপর ভ্রমণে আসা পর্যটক, স্থানীয় লোকজন ও পুলিশের সদস্যরা লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করেন। অন্যদিকে ইন্টারনেটে সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ট্যুরিস্ট পুলিশের নারী সদস্যরা সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে একটি পথসভার আয়োজন করেন। ১১ নভেম্বর শেষ সময় পর্যন্ত এই ভোটদান কর্মসূচি চালু রাখা হবে। যে কেউ ভোট দিতে পারবেন। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার