কক্সবাজারে হবে আইটি ভিলেজ
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণএলকা—ইপিজেডের আদলে পর্যটন শহর কক্সবাজারে দেশের প্রথম আইটি ভিলেজ করা হবে। এই ভিলেজ তৈরি হলে কক্সবাজারকে বহুমাত্রিক প্রযুক্তিনির্ভর পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা যাবে এবং এতে দেশি-বিদেশি পর্যটকের পাশাপাশি জেলার শিক্ষিত তরুণদের কর্মসংস্থান করা যাবে। গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত হাইটেক পার্ক স্থাপন-সংক্রান্ত কর্মশালায় জেলা প্রশাসক মো. রুহুল আমিন এ কথা বলেন।
এ সময় তিনি জানান, আইটি ভিলেজ স্থাপনের জন্য দ্রুত প্রয়োজনীয় জমি বরাদ্দ দেওয়া হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রবন্ধ পড়েন মন্ত্রণালয়ের সহকারী সচিব আহসান উদ্দিন। আলোচনায় অংশ নেন আইসিটি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এ কে এম লুৎফুর রহমান, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমসহ অনেকে।
—নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার