কক্সবাজারের ১৭ কলেজে অনলাইন কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তিতে উপকূলীয় এলাকার প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে এগিয়ে নিতে কক্সবাজারের আটটি উপজেলার ১৭ কলেজে অনলাইন কার্যক্রম শুরু হচ্ছে। প্রতিটি কলেজে প্রযুক্তি কেন্দ্র স্থাপনের জন্য ৩০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকায় কম্পিউটার, ইন্টারনেট সংযোগ ও মডেম কেনা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিশেষ করে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে উৎসাহ সৃষ্টি এবং উপজেলা পর্যায়ের কলেজগুলোকে নেটওয়ার্কিংয়ের আওতায় নিয়ে আসাই প্রকল্পের মূল উদ্দেশ্য। আগামী মাসের মাঝামাঝিতে প্রকল্প চালু হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার সরকারি মহিলা কলেজ, সিটি কলেজ, টেকনাফ ডিগ্রি কলেজ, উখিয়া কলেজ, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, রামু কলেজসহ জেলার উপকূলীয় এলাকার ১৭টি কলেজে এ কার্যক্রম চালু করা হবে। এ ছাড়া চকরিয়ায় তিনটি, পেকুয়ায় একটি, কুতুবদিয়ায় একটি, মহেশখালীতে তিনটি কলেজ তালিকাভুক্ত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আনোয়ার হোসেন প্রকল্পটি তত্ত্বাবধান করছেন। আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দেশজুড়ে অনলাইন পদ্ধতি চালু হলে উপকূলের সুবিধাবঞ্চিত হাজার হাজার শিক্ষার্থী তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে। কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী জানান, অনলাইন পদ্ধতি চালু হলে সবকিছু হাতের নাগালে চলে আসবে। কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ছলিমুর রহমান জানান, কেন্দ্রটি চালু হলে এই কলেজে অধ্যয়নরত প্রায় ছয় হাজার শিক্ষার্থী তথ্যপ্রযুক্তিতে অবদান রাখার সুযোগ পাবে। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, ‘প্রকল্পটির কাজ দ্রুত এগিয়ে চলছে। আশা করছি, আগস্ট মাসের মধ্যে সব কলেজকে অনলাইন কার্যক্রমের আওতায় আনা সম্ভব হবে।’ —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার