কক্সবাজারের ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে হচ্ছে কম্পিউটার ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি ঘরে ঘরে পৌঁছে দিতে কক্সবাজারের সমুদ্র উপকূলীয় ও দুর্গম এলাকার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। এই ল্যাব স্থাপন করছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়।কক্সবাজার জেলা প্রশাসনের একজন কর্মকর্তা গতকাল শনিবার জানান, চলতি মাসের মধ্যেই এই ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের কাজ সম্পন্ন হবে। প্রতিটি ল্যাবে আটটি করে কম্পিউটার, ইউপিএস, প্রিন্টার, ইন্টারনেট মডেম সরবরাহ করা হবে। ইতিমধ্যে আটটি প্রতিষ্ঠানে কম্পিউটারসহ অন্যান্য সামগ্রী পাঠানো হয়েছে। যেসব প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব হচ্ছে সেগুলো হলো—পেকুয়া জিএমজি ইনস্টিটিউট, শীলখালী উচ্চবিদ্যালয়, চকরিয়া মহিলা কলেজ, রশিদ আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয়, পহরচাঁদা ফাজিল মাদ্রাসা, কুতুবদিয়া বিএম কলেজ, কুতুবদিয়া ডিগ্রি কলেজ, মহেশখালী কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসা, বঙ্গবন্ধু মহিলা কলেজ, পানিরছড়া আদর্শ উচ্চবিদ্যালয়, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা, খুরুশকুল উম্মে সালমা (রা) বালিকা মাদ্রাসা, রামু কাউয়ার খোপ হাকিম রকিমা উচ্চবিদ্যালয়, টেকনাফ আলী আছিয়া উচ্চবিদ্যালয়, শামলাপুর উচ্চবিদ্যালয়, উখিয়া মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়, উখিয়া বালিকা বিদ্যালয় ও কুতুপালং আদর্শ উচ্চবিদ্যালয়। খুরুশকুল উম্মে সালমা বালিকা মাদ্রাসার ছাত্রী দিলরুবা খানম জানায়, মাদ্রাসাগুলোতে আগে কোনো কম্পিউটার ছিল না। এ কারণে মাদ্রাসার শত শত শিক্ষার্থী কম্পিউটারসহ তথ্যপ্রযুক্তিগত শিক্ষায় পিছিয়ে ছিল। মাদ্রাসায় কম্পিউটার ল্যাব স্থাপিত হওয়ায় এখন তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে অধিক ধারণা পাওয়া যাবে। মাদ্রাসার সুপার মনছুর আলম জানান, কম্পিউটার ল্যাব দুর্গম উপকূলের গরিব ছেলেমেয়েদের সামনে এগিয়ে যেতে ভূমিকা রাখবে। —আবদুল কুদ্দুস, কক্সবাজার