কচুয়ায় আইসিটি সচেতনতা কর্মসূচি
চাঁদপুরের কচুয়ায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ মিলনায়তনে শনিবার আইসিটি (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এর আয়োজন করে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. গোলাম হোসেন বলেন, ‘আইসিটির ব্যবহার বাড়িয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তৃণমূল পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা সম্পৃক্ত হয়ে দেশকে একটি উন্নত এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবে বলে আমার বিশ্বাস।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে বক্তৃতা করেন যুবক কমিশনের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ, বিসিএসের আয়োজন সমন্বয়কারী মো. ফয়েজউল্যাহ খান, পরিচালক এ টি শফিক উদ্দিন আহমেদ, উইটসার পরিচালক এস এম ইকবাল, বিসিএস কুমিল্লা শাখার চেয়ারম্যান নজরুল আমিন মোল্লা, ড. মনসুরউদ্দীন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা মীর শরিফুল বাশার, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ জালাল চৌধুরী, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম শহিদুল ইসলামসহ অনেকে। মো. ফয়েজউল্যাহ খান জানান, আইসিটির সচেতনতা কর্মসূচি এখানে আয়োজনের উদ্দেশ্য কম্পিউটার সচেতনতা বাড়ানো, শিক্ষাজীবনসহ প্রাত্যহিক জীবনে কম্পিউটারের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে এবং এর কলাকৌশল সম্পর্কে জানা। দিনব্যাপী এ আয়োজনে কম্পিউটারের সাধারণ ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। ডিজিটাল বাংলাদেশ, আউটসোর্সিং, মাল্টিমিডিয়া উপস্থাপনা, ডিজিটাল পাঠ্যপুস্তকের ধরন নিয়ে আলোচনা করেন মোস্তাফা জব্বার। আলোচনার পর ছিল প্রশ্নোত্তর পর্ব এবং কুইজ প্রতিযোগিতা। এ আয়োজনে স্থানীয় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। —বিজ্ঞপ্তি