কট্টরপন্থীদের উত্থানের আশঙ্কা দেশে দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেবাননের রাজধানী বৈরুতে কট্টরপন্থীদের আত্মঘাতী বোমা হামলায় বিধ্বস্ত একটি গাড়ি
লেবাননের রাজধানী বৈরুতে কট্টরপন্থীদের আত্মঘাতী বোমা হামলায় বিধ্বস্ত একটি গাড়ি

লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রাম বিশারিয়েহ। একসময় বেশ শান্ত ছিল গ্রামটি। ছিল বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান। কিন্তু এখন সেই শান্ত রূপটি নেই বিশারিয়েহর। এই গ্রামের দুই তরুণ সিরিয়ায় গিয়ে বিদ্রোহীদের পক্ষ নিয়ে লড়াই করেছেন। সম্প্রতি দেশে ফিরে আত্মঘাতী হামলা চালিয়েছেন তাঁরা।
এই আত্মঘাতী হামলার আতঙ্ক দেখা দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরবে। সেই আতঙ্ক থেকে সৌদি কর্তৃপক্ষ তার নাগরিকদের সিরিয়ার যুদ্ধে যাওয়া ঠেকাতে বেশি তৎপর।
লেবানন ও সৌদি আরবের এই পরিস্থিতি থেকে এটা সহজেই অনুমান করা যায় যে সিরিয়ায় প্রায় তিন বছর ধরে চলা রক্তপাত সহিংসপ্রবণ ওই অঞ্চলকে কতটা ঝুঁকিপূর্ণ ও আতঙ্কিত করে তুলেছে। সিরিয়ার যুদ্ধে জড়িয়ে দেশে ফিরে তরুণেরা সেই বিপজ্জনক ধারণা নিয়ে নিজেদের দেশের বিরুদ্ধেই অস্ত্র ব্যবহার করছেন।
লেবাননে শিয়া-সুন্নি বিরোধ অনেক দিনের। ‘দোরের কাছে’ সিরিয়ার সহিংসতা যেকোনো মুহূর্তে অগ্নিগর্ভ করে তুলতে পারে দেশটিকে। দেশটির ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ প্রকাশ্যেই অবস্থান নিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে। ফলে লেবাননের বিভিন্ন স্থানে শিয়া-সুন্নি সংঘর্ষ ঘটেই চলেছে।
বিশারিয়েহ গ্রাম থেকে গত কয়েক মাসে অন্তত পাঁচজন সুন্নি তরুণ সিরিয়া যুদ্ধে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যেই দুজন হলেন নিদাল মুগায়ার ও আদান আল-মোহাম্মদ। সম্প্রতি তাঁরা দেশে ফিরে এসে রাজধানী বৈরুতে ইরানি স্থাপনায় আত্মঘাতী হামলা চালিয়েছেন। নিদাল গত ১৯ ফেব্রুয়ারি ও আদান গত বছরের নভেম্বরে আত্মঘাতী হামলা চালান। দুটি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়।
নিদালের বাবা হিশাম আল-মুগায়ার তাঁর ২০ বছর বয়সী ছেলে সম্পর্কে বলেন, ‘সে ভালো মনের চমৎকার একজন মানুষ ছিল। আমার মনে হয়, বিবেকহীন কেউ আমার ছেলের মগজ ধোলাই করেছে।’ বোমা হামলার খবর প্রকাশের পর যখন জানাজানি হয় নিদালই ওই হামলা চালিয়েছেন, তখন শিয়া সম্প্রদায়ের লোকজন নিদালদের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পুড়ে যায় তাঁদের মুদিদোকান ও চারটি গাড়ি। কান্নাজড়িত কণ্ঠে হিশাম বলেন, ‘ছেলে আমার বোমা ফাটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে, সেই সঙ্গে ধ্বংস করে দিয়েছে আমাদেরও।’
নিদাল ও আদানের এই চরম পন্থা গ্রহণের বিষয়টি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের সব দেশের সরকারের জন্যই। সৌদি আরব গত কয়েক বছরে তার প্রতিবেশী দেশগুলোতে সন্ত্রাসবাদের ঘটনায় ‘প্রায় চোখ বন্ধ’ করে ছিল। এখন রিয়াদ কর্তৃপক্ষও নতুন আইন করেছে। নিজের নাগরিকদের সিরিয়ার যুদ্ধে না জড়াতে প্রচারণা চালাচ্ছে। রিয়াদের এই অবস্থান নাগরিকদের যে বার্তা দিচ্ছে তা হলো, যুদ্ধে গেলে তাদের মরতে হবে। কারণ তাদের আর দেশে ফেরার সুযোগ রাখা হবে না। রিয়াদ সম্ভবত মার্কিন চাপেই এমন অবস্থান নিয়েছে। কারণ যুক্তরাষ্ট্র বাশার আল-আসাদকে আর সিরিয়ার ক্ষমতায় দেখতে চায় না। কিন্তু ওয়াশিংটনের উদ্বেগের জায়গা হলো, সিরিয়ায় বিদ্রোহীদের পক্ষে কট্টরপন্থী অনেক সংগঠন লড়াই করছে। কিছু সংগঠনের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। এসব সংগঠনে বিদেশি যোদ্ধাও আছে অনেক।
অনেক সৌদি নাগরিকের লক্ষ্যই থাকে কট্টরপন্থী সংগঠনগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলার আগে বিমান ছিনতাইয়ের ঘটনায় জড়িত ১৯ জনের মধ্যে ১৫ জনই সৌদি নাগরিক। আশির দশকে আফগানিস্তানে সোভিয়েতবিরোধী লড়াইয়ে সমর্থন দিয়েছিল সৌদি আরব। ওই সময় সৌদি মুজাহিদিনরা আফগানিস্তানসহ মুসলিমদের সঙ্গে কোন্দল রয়েছে, বিশ্বের এমন অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। সিরিয়াতেও হাজারো সৌদি যোদ্ধা যোগ দিয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলছে, এ সংখ্যা তিন হাজারের মতো। তবে বিশ্লেষকেরা বলছেন, এই সংখ্যা প্রায় ১৫ হাজার। আর এই সংখ্যাই সৌদি সরকারের মাথাব্যথার কারণ হওয়ার জন্য যথেষ্ট।
যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের ব্রেন্ট স্কোক্রফট সেন্টার অন ইন্টারন্যাশনাল সিকিউরিটির বিশ্লেষক বিলাল সাব বলেন, ‘২০০৪ সালে সৌদি আরবে জিহাদিরা মাথাচাড়া দিয়ে উঠেছিল। তাতে মদদ ছিল আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের। সেই ঘটনার পুনরাবৃত্তির কথা ভেবে উদ্বিগ্ন হয়ে উঠেছে রিয়াদ। ওই সময় জিহাদিদের দমনে অনেক সময়, অর্থ ও শ্রম ব্যয় করতে হয় তাদের। কিন্তু এবার জিহাদিরা মাথাচাড়া দিলে বর্তমান পরিস্থিতিতে তা ঠেকানো হবে অনেক কঠিন কাজ।’
ইতিহাস বলে, কট্টরপন্থী গোষ্ঠীর সদস্যরা বিদেশি কোনো যুদ্ধে অংশ নেওয়ার পর দেশে ফিরে আসে সেই কট্টর মানসিকতা নিয়েই। পরে অস্থিতিশীলতা তৈরি করে নিজের দেশেই। সংকটে ফেলেছে নিজের স্বজনদেরও। লেবাননের বিশারিয়েহ গ্রামের সেই নিদালের বাবা হিশাম পুড়ে যাওয়া বাড়িতেই কোনো রকমে মাথা গুঁজে রয়েছেন। স্থানীয় লোকজনের হামলার ভয়ে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন। বড় ছেলে আতঙ্কে কাজের জন্য বাইরে যেতে পারছেন না। আবেগজড়িত কণ্ঠে হিশাম বলেন, ‘আমি কি জানতাম আমার ছেলে কোথায় ছিল, কোথায় গেলে আমি তাঁকে পাব। সে যা-ই করুক, আমরা তো নির্দোষ। আমাদের করার কিছু ছিল না। তার পরও আমাদের ওপরই দুর্যোগ নেমে এসেছে।’
বিশারিয়েহর তরুণ নিদাল ও আদানের মতো বিদেশ থেকে ফেরা কট্টরপন্থীদের হাতেই ইন্দোনেশিয়া, পাকিস্তান, ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন স্থানে কট্টরপন্থী অনেক গোষ্ঠী জন্ম হয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। আর এ কারণেই বোধ হয় মিসর, তিউনিসিয়া, বাহরাইনসহ বেশ কয়েকটি দেশ নিজের নাগরিকদের সিরিয়ায় যাওয়া ঠেকাতে অনেক বেশি তৎপর হয়েছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস