কণ্ঠস্বরেই রাজনীতিকের আকর্ষণ ক্ষমতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসঙ্গে তিন নেতা—যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ l ছবি: এএফপি
একসঙ্গে তিন নেতা—যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ l ছবি: এএফপি

জনপ্রিয় রাজনীতিবিদ হতে গেলে নানা ধরনের গুণ থাকা চাই। এসবের মধ্যে অন্যতম হলো, সহজাত আকর্ষণ ক্ষমতা বা জনগণকে মুগ্ধ করে দেওয়ার সামর্থ্য। এই অনন্য গুণটি সবার মধ্যে খুঁজে পাওয়া যায় না। বিজ্ঞানীরা এই আকর্ষণ ক্ষমতার রহস্য অনুসন্ধান করেছেন।
বিজ্ঞানীরা বলছেন, আকর্ষণ ক্ষমতা অনেকটা অনন্যসাধারণ প্রতিভার মতো। এই গুণের ধারণাটা বেশ রহস্যময়। আমরা জানি, আমাদের নেতাদের মধ্যে থাকবে সহজাত আকর্ষণ ক্ষমতা। যেমন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একজন নেতা হিসেবে বেশ আকর্ষণীয়। কিন্তু ঠিক কী দেখে আমরা একজন নেতাকে আকর্ষণীয় এবং আরেকজন আকর্ষণীয় নন বলে বিবেচনা করি, তা স্পষ্ট করে বলা কঠিন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (ইউসিএলএ) বিজ্ঞানীরা দাবি করছেন, তাঁরা রাজনৈতিক নেতার আকর্ষণ ক্ষমতা সম্পর্কে কয়েকটি অজানা প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন: এতে অন্তত কখন একজন নেতাকে মোহনীয় মনে হয় আর কখন নয়, সে ব্যাপারে কিছুটা আলোর সন্ধান পাওয়া যেতে পারে। ইউসিএলএর স্বরতন্ত্র বিভাগের শব্দবিজ্ঞানী গবেষক রোজারিও সিনোরেল্লো বলেন, একজন বড় নেতার কণ্ঠস্বর ভরাট ও জোরালো হওয়া জরুরি। জনগণের ওপর কাঙ্ক্ষিত প্রভাব বিস্তার করার লক্ষ্যে তাঁকে সেই কণ্ঠস্বরের ওঠানামা নিয়ন্ত্রণ করার ব্যাপারটা জানতে হবে।
সিনোরেল্লো আরও বলেন, আকর্ষণীয় কণ্ঠস্বরের দুটি দিক রয়েছে। একটি জৈবিক বা প্রাকৃতিকভাবে অর্জিত আর অন্যটি ভাষা ও সংস্কৃতি থেকে। প্রথমটি সহজাত এবং একজন ব্যক্তির স্বরতন্ত্রীর (ভোকাল কর্ড) দৈর্ঘ্যের ওপর নির্ভরশীল। এটির মাধ্যমেই নির্ধারিত হয়—একজন ব্যক্তি উঁচু গলায় কথা বলেন, নাকি নিম্নস্বরে। পুরোনো গবেষণার তথ্য অনুযায়ী, মিনমিনে ও নিচু গলার মানুষের কথা শুনে অভ্যস্ত শ্রোতারা সাধারণত একজন দাপুটে ও ভীতিকর রকমের জোরালো কণ্ঠের অধিকারী ব্যক্তিকেই নেতা হিসেবে বেছে নিতে পছন্দ করে। আর তাঁর কথা শুনতে শুনতে শ্রোতাদের এমন মনোভাব তৈরি হয় যে নিচু গলার বক্তারা তুলনামূলক বিনয়ী ও দানশীল হয়ে থাকেন। উভয় বৈশিষ্ট্যের নেতারাই আকর্ষণীয় বলে গণ্য হতে পারেন। তবে ব্যাপারটা নির্ভর করছে শ্রোতার পছন্দের ওপর।
মানুষের স্বরতন্ত্রী বা কণ্ঠস্বর পরিবর্তনের সুযোগ নেই। তবে ইতালির রাজনীতিক উমবার্তো বসি ২০০৪ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) সমস্যায় আক্রান্ত হলে তাঁর স্বরতন্ত্রী ক্ষতিগ্রস্ত হয়। এতে তাঁর কণ্ঠস্বর নিচু ও বৈচিত্র্যহীন হয়ে যায়। সুস্থ হয়ে তিনি একই ধারার (ডানপন্থী) রাজনীতি করলেও কণ্ঠস্বর পরিবর্তিত হওয়ার কারণে তাঁর প্রতি জনগণের মনোভাবও পাল্টে যায়। আগে তাঁকে কর্তৃত্ববাদী মনে করা হলেও স্ট্রোকের পর থেকে তিনি দানশীল বলে পরিচিতি অর্জন করেন।
ভাষা ও সংস্কৃতি আমাদের সহজাত মনস্তত্ত্বের তুলনায় অধিকতর নমনীয় হয়ে থাকে। সিনোরেল্লো বলেন, কণ্ঠস্বরের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে নেতাদের কেউ কেউ কোনো সংস্কৃতির মানুষের কাছে কর্তৃত্ববাদী বলে বিবেচিত হলেও একই বৈশিষ্ট্য নিয়ে তিনি অন্য সংস্কৃতির দৃষ্টিতে সহানুভূতিশীল বলে গণ্য হতে পারেন। সিনোরেল্লোর গবেষণায় ইতালির লুইগি দে মাজিস্ত্রিস, ফ্রান্সের ফ্রাঁসোয়া ওলাঁদ এবং ব্রাজিলের লুইজ ইনাসিও লুলা দা সিলভার একাধিক ভাষণের রেকর্ড বিশ্লেষণ করে দেখা হয় এবং সেগুলো ওই নেতাদের নিজ নিজ দেশের বিভিন্ন বয়সী শ্রোতাকে শুনিয়ে তাঁদের মতামত নেওয়া হয়। এই গবেষণার ফলাফল অ্যাকুইস্টিক্যাল সোসাইটি অব আমেরিকার ১৬৮তম সম্মেলনে উপস্থাপন করা হয়।
সিনোরেল্লো বলেন, ইতালীয়রা নিচু স্বরের কণ্ঠ পছন্দ করে, ফরাসিদের পছন্দ উঁচু গ্রামের স্বর। এটা সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণেই হয়েছে। জনপ্রিয় কণ্ঠস্বরের অধিকারী নেতা তিন ধরনের হতে পারে: আকর্ষণীয়, দানশীল/প্রতিযোগী এবং কর্তৃত্বপরায়ণ। কণ্ঠস্বরের ওঠানামার ওপর নিয়ন্ত্রণ যাঁদের বেশি, তাঁরা নারীদের কাছে বেশি আকর্ষণীয় বলে বিবেচিত হন।
সূত্র: ইনডিপেনডেন্ট