কত দাম হবে আইফোন ৭-এর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ রকম হতে পারে আইফোন ৭
এ রকম হতে পারে আইফোন ৭

নতুন আইফোন বাজারে আসার খবরে সবার মনেই প্রশ্ন থাকে—কত দাম হবে এর? আজ বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানের মাধ্যমে আইফোন ৭ ও ৭ প্লাসের ঘোষণা দিতে পারে অ্যাপল। নতুন এই আইফোনের দাম নিয়ে ইতিমধ্যেই নানা গুঞ্জন উঠেছে। আইফোনের বিক্রি কমে যাওয়ার বিষয়টি আইফোনপ্রেমীদের জন্য সুখবরই হতে পারে। দাম না–ও বাড়তে পারে নতুন আইফোনের।
রয়্যাল ব্যাংক অব কানাডার পক্ষ থেকে সম্প্রতি নতুন আইফোনের দাম অনুমান করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, আইফোন ৭ ও ৭ প্লাস মডেলের ফোন দুটির দাম আইফোন ৬ এস ও ৬ এস প্লাসের দামের সমান হবে। ৩২ জিবি সংস্করণের আইফোন ৭–এর দাম শুরু হবে ৬৪৯ মার্কিন ডলার থেকে। আইফোন ৭ প্লাসের দাম হতে পারে ৭৪৯ মার্কিন ডলার। বিভিন্ন দেশে এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত হবে। এবারে নতুন আইফোনের ক্ষেত্রে ১৬ জিবি সংস্করণের কোনো মডেল নাও আনতে পারে অ্যাপল।

চলতি মাসের ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর নতুন আইফোন বিক্রি শুরু হতে পারে। আগামী মাসের শুরু থেকে বিভিন্ন দেশের বাজারে এই ফোন চলে আসবে।

নতুন আইফোনে কী থাকবে? প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নতুন আইফোনে থাকবে হালনাগাদ উন্নত ক্যামেরা, চাপসহনীয় হোম বাটন। একটি মডেল হবে ৪ দশমিক ৭ ইঞ্চি মাপের এবং আরেকটি হবে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত। এতে আরও শক্তিশালী প্রসেসর, উন্নত অ্যানটেনা ও ওয়্যারলেস হেডফোনযুক্ত থাকবে।
তথ্যসূত্র : টেলিগ্রাফ