কথা নয় স্মার্টফোনে!
মুঠোফোন মানেই কথার ফুলঝুড়ি—কদিন আগেরও দৃশ্যপট ছিল এমনটাই। কিন্তু সময়ের পরিবর্তনে যোগাযোগ স্থাপনের এই যন্ত্রটি এখন অনেকের কাছেই স্রেফ যন্ত্রণার নাম। বিশেষ করে যুক্তরাষ্ট্রে মুঠোফোন ব্যবহারকারীদের অধিকাংশেরই এই মত। ক্লাউড টক, সামাজিক যোগাযোগবিষয়ক একটি প্রতিষ্ঠান। কদিন আগে এই প্রতিষ্ঠানটি একটি জরিপ চালিয়েছিল। জরিপটি ছিল স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর। তাতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে কেবল ৪৩ শতাংশ তাদের মুঠোফোনটি কথা বলার জন্য ব্যবহার করেন! আর বাকিরা? খুদেবার্তা, ই-মেইল আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে চ্যাট করতেই ব্যবহার করেন তাদের স্মার্টফোনটি। কিন্তু কেন এই কথা-বিমুখতা? জরিপে অংশ নেওয়া অধিকাংশ লোকেরই উত্তর—‘মুঠোফোনে কথা বলা মানে সময় নষ্ট’! কেবল তাই নয়, প্রতি দশজনের মধ্যে নয়জনই বলেছেন, কথা বলার চেয়ে খুদেবার্তা চালাচালিই অনেক সুবিধাজনক।ক্লাউড টকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ডেভিড হেডেন বললেন, ‘এত দিন জরিপে আমরা দেখেছি, মানুষ কথা বলতেই ভালোবাসে। এখন খুদেবার্তা আদান-প্রদানই জনপ্রিয়তার শীর্ষে। তবে এত তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে মাথা ঘামানোর মতো সময় আসেনি। সার্বিকভাবে দেখলে বলা যায়, যা সুবিধাজনক তা-ই নিচ্ছে মুঠোফোন ব্যবহারকারীরা।’সবকিছু দেখে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন নিয়ে একটা কৌতুক বেশ মুখে মুখে ফিরছে—কবে আমরা একটা স্মার্টফোন পাব, যেটা দিয়ে কোনো কথা বলা যাবে না? —সিএনএন অবলম্বনে মাহফুজ রহমান