কথা বলবে গুগলের জুতা (ভিডিও)
জুতা পায়ে বসে আছেন, কোনো কাজ নেই বলে কিছুটা বিরক্তও, আপনার মনের কথাই বলে উঠবে আপনার জুতা। প্রযুক্তি চশমার পর এবারে নতুন প্রযুক্তি জুতা নিয়ে গবেষণা করছে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল।যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৮ মার্চ থেকে শুরু হওয়া এসএক্সএসডব্লিউ সম্মেলনে গুগল এ প্রযুক্তি জুতা দেখিয়েছে। টেক ক্রাঞ্চের একটি প্রতিবেদন অনুযায়ী, পরিধেয় প্রযুক্তিপণ্য হিসেবে জুতা নিয়ে পরীক্ষা করছে গুগল। গুগলের তৈরি এই প্রযুক্তি জুতা কথা বলতে পারে এবং অ্যান্ড্রয়েড পণ্যের সঙ্গে যোগাযোগ করতে পারে। ‘আর্ট, কপি, কোড’ নামের প্রকল্পের আওতায় এ জুতা তৈরি করেছে গুগল। জুতার সঙ্গে রয়েছে অ্যাকসেলোরোমিটার, জাইরোস্কোপের মতো নানা সেন্সর ও ব্লুটুথ প্রযুক্তি।এ জুতা পায়ে থাকলে তা স্বয়ংক্রিয় নানা তথ্য সংগ্রহ করে এবং মাঝে মাঝে উচ্চস্বরে কথা বলে ওঠে এমনকি এই জুতো গুগল প্লাসে মন্তব্যও পাঠাতে পারে।