কনজ্যুমার ইলেকট্রনিকস শো ২০১৪ শুরু

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে চার দিনের প্রযুক্তিপণ্যের প্রদর্শনী। কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) নামের এ আয়োজনের প্রথম দিনেই দেখা মিলেছে দারুণ সব প্রযুক্তিপণ্যের প্রদর্শনী। বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্যের এ প্রদর্শনীর ৪৭তম আসরে এবারও নিজেদের সেরা সব পণ্যে প্রদর্শন করছে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। প্রদর্শনীর প্রথম দিনেই প্রায় দেড় লাখ প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করেছে। নানা ধরনের ট্যাবলেট, স্মার্টফোন ও পার্সোনাল কম্পিউটার ছাড়াও ইন্টারনেটের সঙ্গে যুক্ত বিভিন্ন পণ্যও প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শিত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য চালকহীন বিমান ড্রোন, দূরনিয়ন্ত্রিত দরজার তালা, সেন্সরযুক্ত ব্রেসলেট, স্মার্ট গেরস্থালি পণ্য, প্রযুক্তিসুবিধার চশমা, আলট্রা হাইডেভিনেশন (ইউএইচডি) পর্দা উল্লেখযোগ্য।
প্রদর্শনীর শুরুতেই স্যামসাং ও এলজির বাঁকানো সুবিধার ইউএইচডি টিভি নজর কেড়েছে দর্শকদের। স্যামসাং ৮৫ ইঞ্চি সাইজের বাঁকানো টিভির প্রটোটাইপ এবং এলজি ৭৭ ইঞ্চি সাইটের টিভি প্রদর্শন করছে। এ ছাড়া এলজি ও প্যানাসনিক ইতিমধ্যে ঘোষণা দিয়েছে ফায়ারফক্স ওএস চালিত অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্ট টিভি প্রদর্শন করবে। এসব ছাড়া প্রদর্শিত হচ্ছে নতুন বেশ কয়েকটি স্মার্টফোন। লেনোভো দেখাচ্ছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম চালিত ট্যাবলেট, এলজি দেখাচ্ছে বাঁকানো স্মার্টফোন। উইন্ডোজ আর অ্যান্ড্রয়েড দুই অপারেটিং সিস্টেম চালিত ডুয়াল বুট সুবিধার ল্যাপটপও ইতিমধ্যে প্রদর্শিত হয়েছে।
স্যামসাং নতুন গ্যালাক্সি ট্যাব নিয়ে এসেছে। গ্যালাক্সি নোট প্রো নামের ১২.২ ইঞ্চি পর্দার এবং ট্যাব প্রো নামের ৮.৪, ১০.১ ও ১২.২ ট্যাবলেটও প্রদর্শন করা হচ্ছে, যা চলতি বছর থেকেই যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাবে। উন্নত গ্রাফিকস প্রযুক্তির জন্য এবং গেমিং পিসির জন্য বিশেষ চিপ প্রদর্শন করতে যাচ্ছে এনভিডিয়া। এ ছাড়া ইন্টেলের হার্ডওয়্যার ও সফটওয়্যার চালিত বেশ কয়েকটি ল্যাপটপ বাজারে আনছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। মার্কিন নাগরিকদের মধ্যে ব্যক্তিগত গাড়ি ব্যবহার বেড়েই চলছে, যা চলতি বছর আগের চেয়ে বেড়ে দাঁড়িয়ে হবে ২০ শতাংশ। আর গাড়িতে কীভাবে প্রযুক্তি সুবিধাগুলো যোগ করা যায়, সে বিষয়গুলো নিয়ে এবারের প্রদর্শনীতে থাকছে আয়োজন।
—বিবিসি, টেকক্রাঞ্চ অবলম্বনে কাজী আলম