কপিরাইট আইনের সঠিক প্রয়োগ প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপিরাইট আইনের সুষ্ঠু প্রয়োগ হলে সৃষ্টিশীল মানুষ উপকৃত হবে। মেধার মূল্যায়ন করা হবে। এটি তাদের প্রাপ্য অধিকার। এ জন্য সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা প্রয়োজন। গতকাল ঢাকায় আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কপিরাইট আইনের প্রয়োগ ও অপব্যবহার নিয়ে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম (বিসিআইপিএফ) ও কপিরাইট অফিস, বাংলাদেশ। কর্মশালায় প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, ‘কপিরাইট আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। এ জন্য কপিরাইট অফিস কাজ করছে। তবে বেসরকারিভাবে অন্যদেরও এগিয়ে আসতে হবে।’ কর্মশালায় বক্তব্য দেন কপিরাইট অফিসের নিবন্ধক মনজুর মোরশেদ চৌধুরী, বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রধান নির্বাহী এ বি এম হামিদুল মিসবাহ, কপিরাইট বিশেষজ্ঞ মোহাম্মদ মনজুরুর রহমান, মাইক্রোসফটের বাংলাদেশ প্রতিনিধি পুবুডু বাসনায়াকেসহ অনেকে।
দিনব্যাপী কর্মশালায় ম্যাজিস্ট্রেট, জেলা দায়রা জজ, পাবলিক প্রসিকিউটর ও কপিরাইটের সঙ্গে সংশ্লিষ্ট ৩০ জন প্রতিনিধি অংশ নেন। —বিজ্ঞপ্তি