কপিরাইট নিয়ে বিভ্রান্ত ভোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানের বা অন্য কোনো সিডি বৈধভাবে কিনে সেটি নিজের কম্পিউটারে সংরক্ষণ (সেইভ/কপি) করলে কি কপিরাইট আইনের লঙ্ঘন হয়? হয়; কপিরাইট আইনে তাই বলা আছে। কিন্তু নিত্যকার এই সরল অপরাধের কথা জানে কয়জন? যুক্তরাজ্যে দুই হাজার ২৬জন ভোক্তার মধ্যে জরিপ চালিয়ে দেখা গেছে, সিডি কপি করার এ অপরাধের ব্যাপারে একেবারেই জানে না ৭৩ শতাংশ মানুষ। যাঁরা জানেন, তাঁরাও বিভ্রান্ত এর কার্যকারিতা ও বাস্তবতা নিয়ে। কপিরাইট আইনে যদি এ কথা বলা হয়ে থাকে, আর তা যদি মানা হয়, তাহলে নতুন প্রযুক্তির অনেক অনুষঙ্গকেই পিছিয়ে পড়তে হবে বৈধতার কারণে। আর সে জন্যই কপিরাইট আইনকে সেকেলে আখ্যা দিয়ে এবং নতুন প্রযুক্তির কথা মাথায় রেখে এর দ্রুত সংস্কারের দাবি জানায় যুক্তরাজ্যের ভোক্তাদের অধিকার রক্ষাসংক্রান্ত প্রতিষ্ঠান কনজ্যুমার ফোকাস। কপিরাইটের বর্তমান আইন অনুযায়ী নিজের ব্যবহারের জন্যও একটি সিডি বা ডিভিডি কম্পিউটার কিংবা আইপডে কপি করা অপরাধের পর্যায়ে পড়ে। এ বিষয়ে যুক্তরাজ্যের একজন আইন বিশেষজ্ঞ জানান, গান বা সিনেমা কম্পিউটারে কপি করা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার তেমন মাথাব্যথার কোনো কারণ নেই। তাদের লক্ষ্য হওয়া উচিত বাণিজ্যিক ব্যবহারকেন্দ্রিক। বিভ্রান্তি আছে কোনো সিডি বা ডিভিডির তথ্যের ফরম্যাট পরিবর্তনের বৈধতা নিয়েও। একই ধরনের প্রশ্ন উঠেছিল, যখন কিছু ইলেকট্রনিক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিভিশনে অনুষ্ঠান ধারণ করে তা পরবর্তী সময়ে দেখার প্রযুক্তি নিয়ে এল টেলিভিশনে। তবে ভিডিও রেকর্ডিং যন্ত্র বাজারে আসার পর কপিরাইট আইনে একটু পরিবর্তন আনা হয়েছিল। ইন্টারনেটে বিভিন্ন ফাইল আদান-প্রদান বা ভিডিও প্রকাশ-সংক্রান্ত ওয়েবসাইটগুলোর বৈধতা নিয়েও বিভ্রান্তি কমাতে পারছে না কপিরাইট আইন। —জাবেদ সুলতান